ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বাসের পাশাপাশি ট্রাক, কাভার্ডভ্যান ও মালবাহী যানবাহনের চাপে বাড়ছে যানজট ও ভোগান্তি।
মঙ্গলবার সকাল থেকে গাজীপুরের চন্দ্রা, কালিয়াকৈর, ও মৌচাক এলাকায় দেখা গেছে, মহাসড়কে বেশিরভাগ এলাকায় ট্রাকের চলাচল বেড়েছে। আটকা পড়ছে দূরপাল্লার বাস। কোথাও কোথাও কয়েক কিলোমিটার এলাকাজুড়ে যানজট সৃষ্টি হয়েছে।
ঘরমুখো যাত্রীরা জানান, স্বাভাবিক সময়ে যে পথ পাড়ি দিতে এক ঘণ্টা লাগে, সেখানে এখন সময় লাগছে ৩/৪ ঘণ্টা। অতিরিক্ত ট্রাক চলাচল, বিকল যানবাহন এবং অসচেতনভাবে ওভারটেক করাকেই যানজটের অন্যতম কারণ বলে মনে করছেন তারা।
মহাসড়কে চলাচলকারী বাসচালক ও যাত্রীরা বলেন, রাত বাড়ার সঙ্গে সঙ্গে ট্রাকের সংখ্যা আরো বেড়ে যায়। অনেক ট্রাক রাস্তার পাশে দাঁড়িয়ে থাকায় যান চলাচল ব্যাহত হচ্ছে। এছাড়া বিভিন্ন শিল্পকারখানার মালামাল বহনকারী যানবাহনের চাপও বেড়েছে।
জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক দেওয়ান জসীম উদ্দিন বলেন, মহাসড়কে যানজট নিরসনে ও যাত্রা নির্বিঘ্ন করতে আমরা ২৫ জন শ্রমিক নিয়ে রাস্তায় দায়িত্ব পালন করছি।
নাওজোর হাইওয়ে থানার ওসি সাওগাত আলম জানায়, মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। যানজট নিরসনে কাজ করছে একাধিক টিম। তবে অতিরিক্ত যানবাহনের চাপের কারণে মাঝে মধ্যেই ধীরগতি তৈরি হচ্ছে।
জেডএম
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

