টাঙ্গাইলের দেলদুয়ারে মাদকদ্রব্য ইয়াবা কিনতে গিয়ে জনতার হাতে ধরা পড়েছে পুলিশ কনস্টেবল (কালিহাতী থানা সার্কেল) নাদের খান (২৮)। বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্ত কর্মকর্তা এস আই নন্দন কুমার সরকার।
ঈদের আগে রোববার রাত পৌনে ১০টার দিকে উপজেলার ডুবাইল ইউনিয়নের কুপাখী গ্রামের মাদক ব্যবসায়ী খায়রুল ইসলামের কাছে ইয়াবা কিনতে গিয়ে জনতার হাতে ধরা পড়েন কনস্টেবল নাদের খান। এ ঘটনায় ওই পুলিশ সদস্যসহ ৪ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করা হয়েছে। সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, মোটরসাইকেলযোগে খায়রুলের বাড়ি থেকে ৫০ পিস ইয়াবা কিনে তিন যুবক ঘটনাস্থল ত্যাগ করছিল।
এসময় গতিবিধি সন্দেহজনক মনে হলে স্থানীয়রা তাদের আটক করে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে বাথুলি গ্রামের সচিন্দ্র চন্দ্র মণ্ডলের পুত্র শুভ মণ্ডল ১৯, কালিয়াকৈর থানার বড়ইবাড়ী গ্রামের মৃত শওকত খানের ছেলে মো. নাদের খান (২৮), একই এলাকার মো. নূর হোসেনের ছেলে মো. ফরহাদ হোসেন সানিকে (২৯) তাদের আটক করে। নাদের খান কালিহাতী সার্কেল অফিসের দায়িত্বরত পুলিশ কনস্টেবল।
স্থানীয় ইউপি সদস্য লিয়াকত হোসেন বলেন, কোপাখী গ্রামের লুৎফর রহমানের ছেলে খায়রুল ইসলাম দীর্ঘদিন ধরে মাদক বিক্রি করে আসছে। বিভিন্ন অঞ্চলের মাদক ব্যবসায়ীরা তার কাছ থেকে মাদক সংগ্রহ করেন। আমরা অন্তত একটি চক্রকে হাতেনাতে ধরার জন্য রাত জেগে ওঁত পেতে ছিলাম। অবশেষে ধরতে পেরেছি।
তিনি আরও বলেন, খায়রুল এলাকায় একটি শক্তিশালী মাদক সিন্ডিকেট গড়ে তুলেছে। তার বাড়ির চারপাশ সিসি ক্যামেরার আওতাভুক্ত।
দেলদুয়ার থানা ওসি সোহেব খান বলেন, খবর পেয়ে ঈদে জরুরি টহলে দায়িত্বরত পুলিশ কর্মকর্তা এস. আই. নন্দন কুমারকে নির্দেশ দেয়া হয়। ঘটনাস্থলে পৌঁছে ৫০ পিস ইয়াবাসহ জনতার হাতে আটক তিনজনকে উদ্ধার করা হয়েছে। মাদক আইনে মামলা দিয়ে তাদের আদালতে পাঠানো হয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

