খুলনা রেঞ্জের ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান বলেছেন, জনগণের নিরাপত্তা নিশ্চিতে পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এ ক্ষেত্রে বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতা পুলিশের কার্যক্রমকে আরো গতিশীল ও জনমুখী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
সোমবার বাগেরহাট পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলনকক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, পুলিশের কোনো সদস্য যদি মাদকের সঙ্গে জড়িত থাকে, তাহলে তার বিরুদ্ধে আগে ব্যবস্থা নিতে হবে। প্রয়োজনে ডোপ টেস্ট করে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে একই দিন বাগেরহাট নতুন পুলিশ লাইনস প্রাঙ্গণে ‘সবুজে সবুজে ভরব দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্য সামনে রেখে পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে ২০০ গাছের চারা রোপণ এবং শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান।
অনুষ্ঠানে বাগেরহাটের পুলিশ সুপার হাসান মো. নাছের রিকাবদারের নেতৃত্বে জেলার বিভিন্ন ইউনিটের অতিরিক্ত পুলিশ সুপার, সহকারী পুলিশ সুপার, বিভিন্ন থানার অফিসার ইনচার্জসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে ডিআইজি আশা প্রকাশ করেন, পরিবেশ সংরক্ষণে বৃক্ষরোপণ কর্মসূচি যেমন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, তেমনি পুলিশ ও গণমাধ্যমের সমন্বিত প্রচেষ্টা বাগেরহাটে শান্তি-শৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিত করতে আরো কার্যকর ভূমিকা রাখবে।
জেডএম
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

