অর্থের অভাবে কারো চিকিৎসা বন্ধ থাকবে না জানিয়ে খুলনা জেলা পরিষদের প্রশাসক এস এম মনিরুল হাসান বাপ্পী বলেছেন, চক্ষু শিবিরের মাধ্যমে প্রত্যন্ত মফস্বলে যাদের চোখের আলো মৃয়মান হতে চলেছিল তারা আবারও আগের দৃষ্টিশক্তি ফিরে পাবে। বিএনপি জনগণের দল ও জনকল্যাণে দলটি তার নীতি নির্ধারণ করে জানিয়ে তিনি বলেন, ইতোমধ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০১ শয্যায় উন্নীত করেছেন। ফলে গ্রামের অসহায় দারিদ্র পীড়িত মানুষকে উন্নত চিকিৎসা পেতে শহরে ছুটতে হবে না।
বুধবার সকালে খুলনার কয়রা উপজেলায় ফ্রি চক্ষু শিবিরের উদ্বোধনকালে এসব কথা বলেন তিনি। বিএনএসবি চক্ষু হাসপাতাল ও ফ্রেড হলোস ফাউন্ডেশন যৌথভাবে এ শিবিরের আয়োজন করে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দেবাশীষ রায় ঝলক।
বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এস এম শামীম কবির, সাবেক যুগ্ম আহ্বায়ক আশরাফুল আলম নান্নু, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নূরুল আমিন বাবুল, জেলা বিএনপির সদস্য এম এ হাসান, জেলা জাসাস আহ্বায়ক শহিদুল ইসলাম সহিদ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক আইয়ুব আলী, মনিরুজ্জামান বেল্টু, জি এম মাওলা বক্স, শরিফুল আলম, সরদার মতিউর রহমান প্রমুখ।
উল্লেখ, চক্ষুশিবিরে দুই হাজার রোগীর চক্ষু পরীক্ষা এবং পাঁচ শত রোগীর ছানি অপারেশনের ব্যবস্থা করা হয়েছে। পর্যায়ক্রমে বিনামূল্যে সকলের ছানি অপারেশন করা হবে। তাদের হাসপাতালে আসা যাওয়া ও থাকা খাওয়ার ব্যবস্থা করা হবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

