চুয়াডাঙ্গার দামুড়হুদায় রোগীর অপারেশন মাঝপথে রেখেই চিকিৎসকের চলে যাওয়া, অপরিচ্ছন্ন পরিবেশ ও স্বাস্থ্যসেবার চরম লঙ্ঘনের অভিযোগে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গায় অবস্থিত ‘অ্যাপোলো ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার’ সিলগালা করে দিয়েছে প্রশাসন। একই সঙ্গে প্রতিষ্ঠানটিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে দামুড়হুদা উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের একটি যৌথ আভিযানিক দল এ পদক্ষেপ গ্রহণ করে।
জানা গেছে, গত ৫ জুন মুসলিমা খাতুন নামের এক রোগীর জরায়ুর টিউমার অপসারণের জন্য ওই ক্লিনিকে ভর্তি করা হয়। অভিযোগ ওঠে, অ্যানেসথেসিয়া (চেতনানাশক) বিশেষজ্ঞ ছাড়াই রোগীকে অপারেশন থিয়েটারে নিয়ে অস্ত্রোপচার শুরু করা হয়। একপর্যায়ে অপারেশন অসমাপ্ত রেখেই সংশ্লিষ্ট চিকিৎসক ক্লিনিক ছেড়ে চলে যান। পরবর্তীতে মুমূর্ষু অবস্থায় ওই রোগীকে চুয়াডাঙ্গায় স্থানান্তর করে সেখানে তার অস্ত্রোপচার সম্পন্ন করা হয়।
রোগীর স্বজনদের এই গুরুতর অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুরে ক্লিনিকটিতে অভিযান চালায় উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ। অভিযানকালে প্রতিষ্ঠানটিতে অপরিচ্ছন্ন পরিবেশসহ স্বাস্থ্যসেবা পরিচালনার ক্ষেত্রে চরম অব্যবস্থাপনা এবং প্রয়োজনীয় মানদণ্ড না মানার অকাট্য প্রমাণ মেলে।
পরে দামুড়হুদা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহীন আলমের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ক্লিনিকটিকে ১ লাখ টাকা জরিমানা করা হয় এবং প্রতিষ্ঠানটির প্রধান ফটকে তালা ঝুলিয়ে সিলগালা করে দেওয়া হয়।
অভিযানের বিষয়টি নিশ্চিত করে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মশিউর রহমান জানান, বিভিন্ন অনিয়মের অকাট্য প্রমাণ পাওয়ায় অ্যাপোলো ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারকে অর্থদণ্ড দেওয়া হয়েছে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এর সকল কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
তিনি আরও জানান, ক্লিনিকটির বৈধ লাইসেন্স, আনুষঙ্গিক কাগজপত্র এবং অন্যান্য সুযোগ-সুবিধাগুলো বর্তমানে পর্যালোচনা করা হচ্ছে। এসব কাগজপত্রের ভিত্তিতে স্বাস্থ্য বিভাগ প্রতিষ্ঠানটির বিরুদ্ধে পরবর্তী কঠোর প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করবে।
এএস
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

