ছাদ ঢালাইয়ের সময় বিদ্যুৎস্পর্শে নির্মাণশ্রমিকের মৃত্যু

ছাদ ঢালাইয়ের সময় বিদ্যুৎস্পর্শে নির্মাণশ্রমিকের মৃত্যু

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় নির্মাণাধীন ভবনের ছাদ ঢালাইয়ের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মুস্তাকিম (২০) নামে এক তরুণ নির্মাণশ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শুক্রবার দুপুর আনুমানিক ১২টা ১০ মিনিটের দিকে উপজেলার হাকিমপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত মুস্তাকিম ওই গ্রামের আব্দুল্লাহর ছেলে। তিনি পেশায় রাজমিস্ত্রির সহকারী হিসেবে কাজ করতেন।

বিজ্ঞাপন

স্থানীয় ও হাসপাতাল সূত্রে জানা গেছে, হাকিমপুর গ্রামে তিওরবিলা গ্রামের ফুরকানের ছেলে সোহাগ মিয়ার একতলা ভবনের ছাদ ঢালাইয়ের কাজ চলছিল। প্রতিদিনের মতো শুক্রবার সকাল থেকেই মুস্তাকিমসহ কয়েকজন শ্রমিক সেখানে কাজ করছিলেন।

কাজের একপর্যায়ে অসাবধানতাবশত ভবনের পাশ দিয়ে যাওয়া প্রধান বৈদ্যুতিক তারের সংস্পর্শে চলে আসেন মুস্তাকিম। এতে মুহূর্তের মধ্যে তিনি তীব্র বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই অচেতন হয়ে পড়েন।

পরে সহকর্মী ও স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক জানান, হাসপাতালে আনার আগেই ওই তরুণের মৃত্যু হয়েছিল। বর্তমানে তার লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্তের প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

আলমডাঙ্গা থানার ওসি বানী ইসরাইল বিদ্যুৎস্পৃষ্টে মুস্তাকিমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন