নিজের খাবার জোগাতে চুল বিক্রি করা রেহানার পাশে দাঁড়াল প্রশাসন

নিজের খাবার জোগাতে চুল বিক্রি করা রেহানার পাশে দাঁড়াল প্রশাসন

অভাবের তাড়নায় ঘরভাড়ার টাকা জোগাড় করতে নিজের মাথার চুল বিক্রি করে দেওয়া বাগেরহাটের রামপালের অসহায় মা রেহানা খাতুনের পাশে দাঁড়িয়েছে প্রশাসন। তার হাতে তাৎক্ষণিকভাবে নগদ ২৫ হাজার টাকা ও এক মাসের প্রয়োজনীয় শুকনা খাবার তুলে দেওয়া হয়েছে। পাশাপাশি সরকারি ঘর ও স্থায়ী কর্মসংস্থানের আশ্বাসও দেওয়া হয়েছে।

সম্প্রতি গণমাধ্যমে রেহানার করুণ বাস্তবতা নিয়ে প্রতিবেদন প্রকাশের পর বিষয়টি প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধিদের নজরে আসে। খবর পেয়ে অসহায় এই মায়ের পাশে দাঁড়িয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রতিমন্ত্রী ও বাগেরহাট-৩ আসনের সংসদ সদস্য লায়ন্স ডক্টর শেখ ফরিদুল ইসলাম এবং রামপাল উপজেলা প্রশাসন।

বিজ্ঞাপন

একসময় ছোট একটি ঘর থাকলেও চরম দারিদ্র্যের কাছে সেটিও হারিয়েছেন রেহানা। বর্তমানে রামপালের রেললাইনের পাশে খোলা আকাশের নিচে দুই সন্তানকে নিয়ে চরম অনিশ্চয়তায় দিন কাটছিল তার। এর আগে একটি ঝুপড়ি ঘরে ভাড়া থাকতেন তিনি। কিন্তু ভাড়া দিতে না পারায় সেখান থেকেও তাকে বিতাড়িত হতে হয়।

পরে স্থানীয়দের সহায়তায় রেলব্রিজের পাশে বাঁশের খুঁটি দিয়ে একটি ঝুপড়ি তোলার চেষ্টা করেন রেহানা। কিন্তু টিন বা বেড়া দেওয়ার মতো সামর্থ্য তার ছিল না। যেখানে একবেলার খাবার সংগ্রহ করাই কঠিন, সেখানে একটি ঘর তৈরি করা তার কাছে যেন বিলাসিতার বিষয় হয়ে দাঁড়িয়েছিল।

এমন পরিস্থিতিতে ঘরভাড়ার ৫০০ টাকা জোগাড় করতে বাধ্য হয়ে নিজের মাথার চুল বিক্রি করে দেন রেহানা। সেই টাকা দিয়ে মাথার ওপরের চালের পাওনা পরিশোধ করেন তিনি। ঘটনাটি স্থানীয়দের গভীরভাবে নাড়া দেয়।

বিষয়টি গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর রামপাল উপজেলা প্রশাসন দ্রুত পদক্ষেপ নেয়। রেহানা খাতুনের হাতে তাৎক্ষণিকভাবে নগদ ২৫ হাজার টাকা ও এক মাসের প্রয়োজনীয় শুকনা খাবার তুলে দেওয়া হয়।

রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তামান্না ফেরদৌসী জানান, শুধু তাৎক্ষণিক খাদ্য ও আর্থিক সহায়তাই নয়, রেহানা ও তার দুই সন্তানের জন্য স্থায়ী আবাসনের ব্যবস্থা করা হচ্ছে। পাশাপাশি তার স্থায়ী উপার্জনের জন্য সরকারিভাবে কর্মসংস্থানের প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে।

নিজের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে রেহানা খাতুন বলেন, আমার চাওয়া খুব বড় ছিল না। শুধু সন্তানদের মাথার ওপর একটু টিনের ছাউনি চেয়েছিলাম, যেন বৃষ্টিতে ভিজতে না হয়। চুল বিক্রি করে যে লড়াই শুরু করেছিলাম, আজ প্রশাসনের সহায়তায় সেখানে নতুন আশা দেখতে পাচ্ছি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন