মহেশপুর সীমান্ত দিয়ে নারীসহ তিন বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটেলিয়নের সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমানের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, বৃহস্পতিবার দুপুর ৩টার দিকে বাঘাডাংগা ও কুমিল্লাপাড়া সীমান্তের মেইন পিলারের কাছে কোম্পানি কমান্ডার পর্যায়ে এক পতাকা বৈঠকের মাধ্যমে বিজিবির হাতে নারীসহ তিন বাংলাদেশিকে হস্তান্তর করা হয়।
আটক ব্যক্তিদের মধ্যে দুজন নারী ও একজন পুরুষ। অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে ঢোকার সময় বিএসএফ তাদের আটক করে। পরে বিএসএফ পতাকা বৈঠকের আয়োজন করে এবং বাংলাদেশি নাগরিকদের নাম-ঠিকানা যাচাইপূর্বক বিজিবির কাছে হস্তান্তর করে। আটককৃতদের মহেশপুর থানায় সোপর্দ করেছে বিজিবি।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

