বিয়ে করতে রাজি না হওয়ায় যে কাণ্ড ঘটালেন জসিম

উপজেলা প্রতিনিধি, ঝিকরগাছা (যশোর)

বিয়ে করতে রাজি না হওয়ায় যে কাণ্ড ঘটালেন জসিম
এসিড নিক্ষেপকারী জসিম

যশোরে ঝিকরগাছায় এসিড নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে দগ্ধ হয়েছেন একই পরিবারের তিনজন। এর মধ্যে একজন শিশু ও একজন নারী রয়েছে।

বিজ্ঞাপন

ভুক্তভোগী পরিবার জানিয়েছে, বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় এসিড নিক্ষেপের এ ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার গদখালীতে এই এসিড হামলার ঘটনা ঘটে।

আহতরা হলেন ওই গ্রামের জামাত হোসেনের স্ত্রী রাহেলা বেগম (৪৮), ছেলে ইয়ানূর (৮) ও মেয়ে রিপা খাতুন (২৬)।

ভুক্তভোগী নারীর চাচা আব্দুর রহমান জানান, বছর চারেক আগে স্বামীর সঙ্গে ছাড়াছাড়ি হয় রিপার। এরপর থেকে ছেলেকে নিয়ে বাবার বাড়িতে থাকছেন তিনি। মঠবাড়ি গ্রামের ফজলুর রহমানের কাজের লোক জসিম রিপাকে বিয়ের প্রস্তাব দিয়ে আসছিল। এই প্রস্তাব প্রত্যাখ্যান করেন রিপা। জসিম এতে ক্ষিপ্ত হন।

বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় জানালা দিয়ে রিপার গায়ে এসিড ছুড়ে মারে জসিম। এতে রিপা, তার ভাই ইয়ানূর ও মা রাহেলা খাতুন দগ্ধ হন। পরে স্বজনরা তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে নেয়া হয় তাদের।

যশোর জেনারেল হাসপাতালের মেডিকেল অফিসার জুবায়ের আহমেদ বলেন, এসিডে শিশু ইয়ানূরের শরীর বেশি দগ্ধ হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক। তার মা ও বোন আংশিক দগ্ধ হয়েছে।

ঝিকরগাছা থানার পরিদর্শক (তদন্ত) আবু সাঈদ বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন