দাফনের দেড় মাস পরে বাবা-মায়ের কাছে ফিরলো তুফান!

দাফনের দেড় মাস পরে বাবা-মায়ের কাছে ফিরলো তুফান!

আড়াই মাস আগে বাবা-মায়ের ওপর রাগ করে বাড়ি ছাড়েন চুয়াডাঙ্গা আলমডাঙ্গা উপজেলার হারদী ইউনিয়নের বৈদ্যনাথপুর গ্রামের আবু সাইদের ছেলে তোফাজ্জেল হোসেন তুফান (১৪)।

বিজ্ঞাপন

এরপর বাড়িতে না ফেরায় স্বজনরা আত্মীয়স্বজনের বাড়িসহ বিভিন্ন এলাকায় খোঁজ করেন। কোথায়ও না পেয়ে পিতা বাদী হয়ে ছেলে নিখোঁজের ঘটনায় জানুয়ারিতে আলমডাঙ্গা থানায় জিডি করেন। পুলিশের পাশাপাশি পরিবারের সদস্যরা বিভিন্ন এলাকায় তাকে খুঁজতে থাকেন।

তার নিখোঁজের একমাস পর গাইবান্ধা থেকে এক কিশোরের ট্রেনে কাটা লাশ উদ্ধার করে রেলওয়ে পুলিশ। বিষয়টি জানতে পেরে সেখানে ছুটে যান তুফানের স্বজনরা। লাশটি দেখতে হুবহু তুফানের মতো ছিল। পরে তারা লাশটি বাড়িতে এনে দাফন সম্পন্ন করেন।

ওই দাফনের দেড় মাস পর সুস্থ শরীরে তুফান ঈদ করতে বাড়িতে ফিরে এলে এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়।

তুফানের বাবা আবু সাঈদ জানান, তারা প্রথমে এই ভেবে সান্ত্বনা খুঁজে নিচ্ছিলেন, ছেলে মারা গেলেও লাশ তো অন্তত পেয়েছেন। কিন্তু তারা জানতেন না তুফান বেঁচে রয়েছে। ছেলে বাবা-মায়ের বুকে ফিরে আসায় তারা আনন্দে আত্মহারা হয়ে পড়েন।

তুফানের মা বলেন, ‘ছেলের মুখে আবার মা ডাক শুনছি। ছেলেকে আমার বুকে ফিরে পাবো কখনো ভাবতে পারিনি। আল্লাহর কাছে হাজারো শুকরিয়া, তিনি ছেলেকে আমার বুকে ফিরিয়ে দিয়েছেন।’

তুফান জানান, ‘বাবা-মায়ের ওপর অভিমান করে আড়াই মাস আগে বাড়ি ছেড়ে আলমডাঙ্গার এক বন্ধুর সঙ্গে ঢাকায় চলে যাই। ঢাকার শ্যামলীতে একটি লোহার দোকানে কাজ করি। সেখানেই থাকতে হতো। সামনে ঈদ আসায় ছুটি নিয়ে বাড়ি চলে এসেছি।’

এ বিষয়ে আলমডাঙ্গা থানার ওসি মাসুদুর রহমান জানান, শুক্রবার সকালে বিভিন্ন মাধ্যমে খবরটি জানতে পেরেছি, আড়াই মাস পর নিখোঁজ কিশোর বাড়িতে ফিরে এসেছে। বিষয়টি গাইবান্ধা থানাকে অবগত করা হবে। দেশের বিভিন্ন থানায় এ বিষয়ে মেসেজ দেয়া হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন