আড়াই বছরেও সংস্কার হয়নি বারইপাড়া-বড়দিয়া সড়ক

আড়াই বছরেও সংস্কার হয়নি বারইপাড়া-বড়দিয়া সড়ক
নড়াইলের বারইপাড়া-বড়দিয়া সড়ক। আমার দেশ

টেন্ডার প্রক্রিয়া শেষে ঠিকাদার নিয়োগ দেওয়ার আড়াই বছর পেরিয়ে গেলেও সম্পন্ন হয়নি নড়াইলের বারইপাড়া-বড়দিয়া সড়ক সংস্কারের কাজ। ফলে গুরুত্বপূর্ণ এই সড়ক দিয়ে যাতায়াত করতে গিয়ে স্থানীয় মানুষের ভোগান্তি এখন চরমে পৌঁছেছে। সরেজমিনে দেখা গেছে, সড়কের কার্পেটিং ক্ষয়ে গিয়ে ইট-খোয়া বেরিয়ে বিস্তীর্ণ অংশ উঁচু-নিচু ও এবড়োখেবড়ো হয়ে পড়েছে।

বিজ্ঞাপন

জায়গায় জায়গায় সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত। এ অবস্থায় মালবাহী ভ্যান, নসিমন, পিকআপসহ ছোট-বড় বিভিন্ন যানবাহন যেকোনো মুহূর্তে উল্টে যাওয়ার ঝুঁকি নিয়ে হেলেদুলে চলাচল করছে। সড়ক ব্যবহারকারীরা জানান, সংস্কারের অভাবে বিগত চার বছরেরও বেশি সময় ধরে ব্যস্ততম এই সড়কের এমন বেহাল দশা চলছে। জনদুর্ভোগ লাঘবে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) ১৪.১৫ কিলোমিটার দীর্ঘ ‘বারইপাড়া ভায়া মাউলী বটতলা-বড়দিয়া (গ্রোথ সেন্টার) জিসি’ সড়ক সংস্কারের প্রকল্প গ্রহণ করে।

২২ কোটি ১১ লাখ টাকা ব্যয়ের এই প্রকল্প বাস্তবায়নের জন্য ২০২৪ সালের ৫ মার্চ ঠিকাদারি প্রতিষ্ঠান ‘ইডেন প্রাইজ’কে কার্যাদেশ দেওয়া হয়। ২০২৫ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে কাজ শেষ করে হস্তান্তরের কথা থাকলেও বাস্তবে কাজের অগ্রগতি অত্যন্ত ধীরগতির। ফলে ভাঙাচোরা এই সড়কে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। পাশাপাশি মালামাল ও জরুরি রোগী পরিবহনে পোহাতে হচ্ছে চরম ভোগান্তি।

এলজিইডি নড়াইল বিভাগের নির্বাহী প্রকৌশলী সরদার ইকরামুল কবীর জানান, সড়কের ৪০০ মিটার আরসিসি (ঢালাই) এবং বাকি অংশ ৩ ইঞ্চি ওয়েস্ট মিক্সড ম্যাকাডাম বিছিয়ে তার ওপর ৪০ মিলিমিটার ডেন্স কার্পেটিং করা হচ্ছে। স্বাচ্ছন্দ্যে যান চলাচলের জন্য সড়কটির উভয় পাশে এক ফুট করে বাড়িয়ে মোট ১৪ ফুট চওড়া করা হচ্ছে।

কাজের বিলম্বের বিষয়ে তিনি বলেন, ‘গেল বর্ষা মৌসুমজুড়ে ব্যাপক বৃষ্টিপাতের পাশাপাশি সড়কের কিছু গাছ ও বৈদ্যুতিক খুঁটি অপসারণের জটিলতায় কাজ শুরু করতে দেরি হয়েছে। তবে বড়দিয়া প্রান্তের ৪০০ মিটার আরসিসি সড়ক নির্মাণ ইতোমধ্যে শেষ হয়েছে।’ কাজের সময়সীমা ২০২৭ সালের ১৯ জুন পর্যন্ত বাড়ানো হলেও আগামী দুই মাসের মধ্যেই সম্পূর্ণ কাজ শেষ হয়ে যাবে বলে আশা প্রকাশ করেন এই প্রকৌশলী।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন