আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

চিতলমারীতে বাড়িতে ঢুকে যুবককে গুলি করে হত্যা

উপজেলা প্রতিনিধি, (চিতলমারী) বাগেরহাট

চিতলমারীতে বাড়িতে ঢুকে যুবককে গুলি করে হত্যা

বাগেরহাটের চিতলমারী উপজেলায় সশস্ত্র দুর্বৃত্তদের গুলিতে এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকেলে উপজেলার শিবপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আমির হামজা মুন্সী (২৪) শিবপুর গ্রামের রুহুল আমিন মুন্সীর ছেলে। দীর্ঘ ১৭ বছর ধরে পরিবারসহ খুলনার লবণচোরা এলাকার জিন্না পাড়ায় বসবাস করলেও ঈদ উদযাপনের জন্য সম্প্রতি গ্রামের বাড়িতে আসেন।

বিজ্ঞাপন

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেল সাড়ে ৪টা থেকে ৫টার মধ্যে তিনটি মোটরসাইকেলে করে আসা ৬ জন সশস্ত্র দুর্বৃত্ত বাড়ির সামনে এসে মোটরসাইকেল রেখে পাকা ভবনের ভেতরে প্রবেশ করে। এ সময় প্রাণ বাঁচাতে আমির হামজা বাড়ির ছাদ থেকে পাশের খালে লাফ দেন।

কিন্তু দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। মাথায় গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্বজনরা এসে তাকে মৃত অবস্থায় উদ্ধার করেন।

নিহতের চাচা বলেন, “অনেক দিন পর ঈদে একসঙ্গে থাকার জন্য বাড়িতে এনেছিলাম, কিন্তু এমন ঘটনা ঘটবে ভাবিনি।”

নিহতের স্ত্রী তন্নী আক্তার (১৭) জানান, তাদের বিয়ের বয়স মাত্র দুই মাস। তিনি বলেন, “আমার স্বামী খুলনার সুন্দরবন কলেজের শিক্ষার্থী ছিলেন। পাশাপাশি রিয়েল এস্টেট ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।”

পরিবারের দাবি, আমির হামজা স্থানীয় রাজনীতির সঙ্গেও সম্পৃক্ত ছিলেন এবং কলেজ ছাত্রদলের আসন্ন নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন।

চিতলমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নজরুল ইসলাম জানান, ঘটনাটি তদন্তাধীন রয়েছে। আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে বিশ্লেষণ করা হচ্ছে। লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

ঘটনার পর এলাকায় আতঙ্ক বিরাজ করছে। জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন