২ দিনে চুয়াডাঙ্গার তাপমাত্রা কমেছে ৬ দশমিক ১

২  দিনে চুয়াডাঙ্গার তাপমাত্রা কমেছে ৬ দশমিক ১

মাঘের শেষে শীতে কাঁপছে চুয়াডাঙ্গা। শনিবার সকাল ৯টায় চুয়াডাঙ্গার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৮০ শতাংশ। সকাল ৬টায় চুয়াডাঙ্গার তাপমাত্রা ছিল ১০ ডিগ্রি সেলসিয়াস ও বাতাসের আর্দ্রতা ছিল ৯৭ শতাংশ।

বিজ্ঞাপন

গতকাল চুয়াডাঙ্গার তাপমাত্রা ছিল ১০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবার জেলায় ১৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল।

উত্তরের হিমেল বাতাস নতুন করে বাড়িয়ে দিয়েছে শীতের মাত্রা। তারপরও জীবিকার তাগিদে নিম্নবিত্ত মানুষ শীতকে উপেক্ষা করে কাজে যাচ্ছেন। অনেকই কাজ পাচ্ছেন আবার অনেকে কাজ না পেয়ে বাড়ি ফিরছেন। বিভিন্ন স্থানে খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন অনেক।

চুয়াডাঙ্গা সদর উপজেলার বোয়ালমারী গ্রামের কৃষক রাজু আহমেদ বলেন, মাঘের শেষে এসেও চুয়াডাঙ্গায় শীত পড়ছে। সকালে মাঠে কাজ করতে অসুবিধা হচ্ছে। তারপরও কাজ না করলে খাবো কী? তাই ভোরবেলা কাজ করতে মাঠে বের হয়েছি।

চুয়াডাঙ্গা পৌর এলাকার আরাম বাড়ার বাসিন্দা ফিরোজ মিয়া বলেন, গত কয়েক দিন শীতের তীব্রতা অনেকটা কমে গিয়েছিল। তবে আজ ভোর থেকে হঠাৎ করেই প্রচণ্ড ঠান্ডা পড়ছে। শীতে হাত মুখ অবশ হয়ে যাচ্ছে।

চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান বলেন, সকাল ৯টায় চুয়াডাঙ্গায় সর্বনিম্ন ৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৮০ শতাংশ।

আগামী আরও দুদিন তাপমাত্রা এ রকম থাকতে পারে। এরপর তাপমাত্রা বৃদ্ধি পাবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন