কুষ্টিয়ার ভেড়ামারায় সাপের কামড়ে সম্রাট হোসেন (২১) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সম্রাট হোসেন ভেড়ামারা উপজেলার মোকারিমপুর ইউনিয়নের কারিগরপাড়ার সামিরুল ইসলামের বড় ছেলে। তিনি পেশায় রাজমিস্ত্রির একজন সহকারী ছিলেন।
থানা সূত্রে জানায়, সম্রাট হোসেন প্রতিদিনের মতো গোলাপনগর বাঙালপাড়া এলাকায় কাজ করতে যান। কাজ করার সময় তাকে সাপে কামড় দেয়। বিষক্রিয়া শরীরে ছড়িয়ে পড়লে তাকে প্রথমে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে সাপের দংশনে রোগীর চিকিৎসা না থাকায় দ্রুত কুষ্টিয়া সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এ সময় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
পরিবার সূত্রে জানা গেছে, সম্রাট ছিলেন তার পরিবারের একমাত্র চালিকাশক্তি। তার আয়ের ওপরই পুরো পরিবার নির্ভরশীল ছিল। ২১ বছর বয়সী সম্রাটের স্ত্রী বর্তমানে ৬ মাসের অন্তঃসত্ত্বা। সন্তানের মুখ দেখার আগেই সম্রাটের আকস্মিক এই মৃত্যুতে পরিবার ও এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ জাহেদুর রহমান বলেন, কুষ্টিয়া সদর জেনারেল হাসপাতাল সূত্র ও প্রত্যক্ষদর্শীদের বরাতে সাপের কামড়ের ঘটনায় সম্রাটের মৃত্যু হয়েছে নিশ্চিত হওয়ার পর ভেড়ামারা থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
এমএইচ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

