বাগেরহাটের মোল্লাহাটে চারটি বিদেশি পিস্তল ও গুলিসহ ১১ জনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। বৃহস্পতিবার (২৬ জুন) সন্ধ্যায় উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের মোল্লাহাট টোল প্লাজার সামনে থেকে একটি মাইক্রোবাস তল্লাশি করে এদের আটক করা হয়।
ঢাকা মেট্রো-চ-১৫-৬৭৭০ নম্বরের আটক মাইক্রোবাসটি ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলা থেকে খুলনার দিকে যাচ্ছিল। গাড়িটি তল্লাশি করে ৪টি ৭.৬২ মিমি. চায়না পিস্তল, ৪টি ম্যাগাজিন ও ৯ রাউন্ড গুলি পাওয়া যায়।
আটককৃতরা হলেন কাউসার আলী (৪৩), মো: মেহেদী হাসান (২৩), আতাউর রহমান (৩০), মো. খোকন বিশ্বাস (৪৫), খোকন মিয়া (৩৫), আবুল হোসেন (৪৩), মো. ইমদাদুল হক (৩১), জনি মিয়া (২৭), সেলিম শাহ (৩৪), মাসুম পারভেজ (২২) ও প্রসেনজিৎ চন্দ্র দাশ (৩৫)। আটককৃতদের বাড়ি ঝিনাইদহ জেলার বিভিন্ন উপজেলার। আটককৃতরা বাগেরহাট জেলা গোয়েন্দা পুলিশের হেফাজতে রয়েছে।
বাগেরহাটের পুলিশ সুপার মো. তৌহিদুল আরিফ বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অস্ত্রসহ ১১ দুষ্কৃতকারীকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
তিনি আরও বলেন, এসব দুষ্কৃতকারী ঝিনাইদহ থেকে আসছিল। তাদের কাছে অস্ত্র ও গুলি ছিল। তাদের হয়তো বড় ধরনের কোনো নাশকতার পরিকল্পনা ছিল।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

