আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

অস্ত্রসহ বনদস্যু করিম শরীফ বাহিনীর ২ সদস্য আটক

উপজেলা প্রতিনিধি, মোংলা (বাগেরহাট)

অস্ত্রসহ বনদস্যু করিম শরীফ বাহিনীর ২ সদস্য আটক

অস্ত্র ও গুলিসহ সুন্দরবনের বনদস্যু করিম শরীফ বাহিনীর দুই সদস্যকে আটক করেছে কোস্টগার্ড। এছাড়া দস্যুদের জিম্মি থেকে দুই জেলেকে উদ্ধার করা হয়েছে।

বিজ্ঞাপন

কোস্টগার্ড সদর দপ্তরের (ঢাকা) মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, বনদস্যু করিম শরীফ বাহিনীর সদস্যরা খুলনার দাকোপের সুন্দরবন সংলগ্ন কামারখোলা এলাকায় অস্ত্র ও গুলিসহ অবস্থান করছে- এমন তথ্যের ভিত্তিতে শনিবার রাত ১১টার দিকে সেখানে অভিযান চালায় কোস্টগার্ড ও পুলিশ।

এ সময় ওই এলাকা থেকে একটি একনলা বন্দুক, দুই রাউন্ড তাজা গুলিসহ বনদস্যু শাজাহান মোল্লাকে (৪৮) আটক করা হয়। এছাড়া শনিবার দিবাগত রাত ৩টায় সুন্দরবন সংলগ্ন নলিয়ান ঠাকুরবাড়ি খেয়াঘাট এলাকা থেকে করিম শরীফ বাহিনীর আরেক সদস্য সুমন হাওলাদারকে (৩০) আটক করা হয়।

জিজ্ঞাসাবাদে জানা যায়, আটককৃতরা দীর্ঘদিন ধরে বনদস্যু করিম শরীফের সঙ্গে ডাকাতি করতো এবং ডাকাত দলকে অস্ত্র, গোলাবারুদ ও রসদ সরবরাহ করে সহযোগিতা করে আসছিল। আটক বনদস্যু শাজাহান মোল্লা (৪৮) খুলনা জেলার দাকোপ থানার বাসিন্দা ও

সুমন হাওলাদার (৩০) বাগেরহাট জেলার মোংলা থানার বাসিন্দা।

অপরদিকে কোস্টগার্ডের সাঁড়াশি অভিযানে রোববার ভোর ৫টায় সুন্দরবনের আড়শিবসা নদী সংলগ্ন এলাকা থেকে বনদস্যু করিম শরীফ বাহিনীর কাছে জিম্মি থাকা দুই জেলেকে উদ্ধার করা হয়েছে।

সিয়াম উল হক আরো জানান, কোস্টগার্ড আইনশৃঙ্খলা রক্ষার্থে উপকূলীয় ও নদী তীরবর্তী অঞ্চলে ২৪ ঘণ্টাব্যাপী টহল কার্যক্রম অব্যাহত রেখেছে। ফলে এসব অঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত হয়েছে। সুন্দরবনকে দস্যুমুক্ত করতে কোস্টগার্ডের অভিযান অব্যাহত থাকবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন