খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) ছাত্রদলের সঙ্গে সাধারণ শিক্ষার্থীদের সংঘর্ষে ১৫ জন আহত হয়েছেন। এ প্রতিবেদন লেখা পর্যন্ত সংঘর্ষ এখনও চলছে।
মঙ্গলবার বিকেলে কুয়েট ক্যাম্পাসে এ ঘটনা ঘটে। ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধের পক্ষে-বিপক্ষে অবস্থান নেয়ার জেরে এ সংঘর্ষ হয় বলে জানিয়েছেন খানজাহান আলী থানার ওসি মো. কবির হোসেন।
শিক্ষার্থীরা জানান, ক্যাম্পাসে ছাত্র রাজনীতি পুরোপুরি নিষিদ্ধ করার দাবিতে বিক্ষোভ-মিছিল করেন সাধারণ শিক্ষার্থীরা। পরে উপাচার্যের বাসভবন ঘেরাও করেন তারা। এ নিয়ে উত্তেজনার সৃষ্টি হয়। এর জেরে বহিরাগতদের নিয়ে তাদের ওপর হামলা চালান ছাত্রদলের নেতাকর্মীরা। একপর্যায়ে দুই গ্রুপের ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হলে সংঘর্ষে রূপ নেয়। এতে বেশ কয়েকজন আহত হন। বর্তমানে ক্যাম্পাসে চরম উত্তেজনা বিরাজ করছে।
ওসি মো. কবির হোসেন বলেন, ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা রয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আমরা কাজ করছি।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

