বিশ্ব বাঘ দিবস উপলক্ষে সাতক্ষীরার শ্যামনগরে বাঘ ও সুন্দরবন সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১১টায় উপজেলার বুড়িগোয়ালিনী সিপিজি কার্যালয়ে সাতক্ষীরা সহ-ব্যবস্থাপনা কমিটি (সিএমসি) ও সুন্দরবন পশ্চিম বন বিভাগের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।
সিএমসি সভাপতি মাহামুদা বেগমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বুড়িগোয়ালিনী বন স্টেশনের স্টেশন কর্মকর্তা (এসও) এরফান উদ্দিন। সিএমসি সদস্য আবু ফরিদের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন ফরেস্ট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আয়ুব আলী, কলাগাছিয়া বনবিভাগ কেন্দ্রের ইনচার্জ সুলজ কুমার দ্বীপ, ফরেস্ট জামে মসজিদের ইমাম রেজাউল করিম, সিপিজি সদস্য পঞ্চি রানী ও রুহুল আমিন, সিএমসি সদস্য আব্দুর রশিদ এবং উপকূল প্রেসক্লাবের সভাপতি আব্দুল হালিম।
বক্তারা বলেন, রয়েল বেঙ্গল টাইগার বাংলাদেশের জাতীয় ঐতিহ্য ও গৌরবের প্রতীক। একই সঙ্গে সুন্দরবনের জীববৈচিত্র্য ও পরিবেশগত ভারসাম্য রক্ষায় বাঘের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে জলবায়ু পরিবর্তন, বন উজাড়, মানুষ-বন্যপ্রাণীর সংঘাত এবং বিভিন্ন অবৈধ কর্মকাণ্ডের কারণে বাঘের আবাসস্থল ও অস্তিত্ব ক্রমেই ঝুঁকির মুখে পড়ছে।
তারা আরো বলেন, শুধু বন বিভাগের উদ্যোগে নয়, স্থানীয় জনগণ, সহ-ব্যবস্থাপনা কমিটি, সামাজিক সংগঠন ও গণমাধ্যমের সম্মিলিত প্রচেষ্টায় সুন্দরবন ও রয়েল বেঙ্গল টাইগারকে দীর্ঘমেয়াদে সংরক্ষণ করা সম্ভব।
সভায় বক্তারা বিশ্ব বাঘ দিবসের প্রতিপাদ্য ‘সবাই হই সচেতন, বাঘ করি সংরক্ষণ’ বাস্তবায়নে সমাজের সর্বস্তরের মানুষের সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান। একই সঙ্গে তারা বলেন, সুন্দরবন রক্ষা করা গেলে উপকূলীয় জীববৈচিত্র্য সংরক্ষণের পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলার সক্ষমতা বাড়বে এবং এ অঞ্চলের লাখো মানুষের জীবিকা আরো নিরাপদ হবে।
জেডএম
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

