চুয়াডাঙ্গায় ডিবির অভিযান, মদসহ ভারতীয় নাগরিক আটক

চুয়াডাঙ্গায় ডিবির অভিযান, মদসহ ভারতীয় নাগরিক আটক

চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) মাদকবিরোধী অভিযান চালিয়ে চার বোতল ভারতীয় মদসহ এক ভারতীয় নাগরিককে আটক করেছে। আটককৃত আসামির নাম মহম্মদ মহাবুল মণ্ডল (৩৮)।

বিজ্ঞাপন

তিনি ভারতের মুর্শিদাবাদ জেলার সাগরপাড়া থানার চকরামপ্রসাদ গ্রামের মৃত মোজাহার মণ্ডলের ছেলে।

পুলিশের এক বিজ্ঞপ্তিতে রাতে জানা গেছে, চুয়াডাঙ্গা জেলা পুলিশ সুপার খন্দকার গোলাম মওলার সার্বিক দিকনির্দেশনায় জেলা পুলিশের সকল ইউনিটে একযোগে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে আসছে। তারই ধারাবাহিকতায় শনিবার বিকাল ৫টার দিকে পৌর এলাকার হাটকালুগঞ্জ পুলিশ লাইন্স প্রাথমিক বিদ্যালয় গেটের সামনে অভিযান চালানো হয়।

অভিযানে নেতৃত্ব দেন ডিবির এসআই সৌমিত্র সাহা ও এএসআই আবু আল ইমরান।

এ সময় ভারতীয় নাগরিক মহাবুল মণ্ডলকে চার বোতল ভারতীয় মদসহ আটক করা হয়। চুয়াডাঙ্গা ডিবি পুলিশ জানিয়েছে, আটক মহাবুল মণ্ডল অবৈধভাবে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে প্রবেশ করেছেন এবং মাদক বহনের সঙ্গে সম্পৃক্ত ছিলেন।

গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও অবৈধ অনুপ্রবেশের দায়ে চুয়াডাঙ্গা সদর থানায় পৃথক আইনে মামলা করা হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন