ইবির ডাবল ডেকার বাসে পেট্রোল বোমা নিক্ষেপ

ইবির ডাবল ডেকার বাসে পেট্রোল বোমা নিক্ষেপ

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) একটি ডাবল ডেকার বাস লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। গতকাল সোমবার রাত সাড়ে ৯টার দিকে ঝিনাইদহ থেকে ক্যাম্পাসে ফেরার পথে ‘দিগন্ত’ নামের বাসটি গাড়াগঞ্জ এলাকা অতিক্রম করার সময় এ ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি।

বিজ্ঞাপন

প্রত্যক্ষদর্শীরা জানান, ভাটই বাজারে সড়ক নির্মাণকাজ চলমান থাকায় দীর্ঘ সময় যানজটে আটকে ছিল ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাসগুলো। যানজট থেকে বেরিয়ে বাসটি চলতে শুরু করার কিছুক্ষণ পর গাড়াগঞ্জ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দুটি মোটরসাইকেলে থাকা দুর্বৃত্তরা বাস লক্ষ্য করে পেট্রল বোমা নিক্ষেপ করে। বাসটি চলন্ত অবস্থায় থাকায় বোমাটি চাকায় লেগে সড়কে ছিটকে পড়ে। এতে বাসে থাকা শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে তাৎক্ষণিকভাবে হামলাকারীদের পরিচয় জানা যায়নি।

বাসে থাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী বর্ষা বলেন, আমরা দীর্ঘ সময় যানজটে আটকে ছিলাম। বাস চলতে শুরু করার কিছুক্ষণ পরই বাস লক্ষ্য করে বোমা নিক্ষেপ করা হয়। অল্পের জন্য আমরা বেঁচে গেছি। মানুষের জীবনের নিরাপত্তা কি আদৌ আছে? ক্ষমতা ভোগ করবে বিভিন্ন দল, আর দিনশেষে হামলার শিকার হতে হবে আমাদের মতো সাধারণ শিক্ষার্থী ও জনগণকে। বোমাটি যদি আর এক-দুই ইঞ্চি এদিক-ওদিক হয়ে টায়ারে লাগত, তাহলে হয়তো আজ আমি বেঁচে থাকতাম না। আমার জীবনের নিরাপত্তা কে দেবে?

ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ওসি এস এম মামুনুর রশীদ বলেন, নিষিদ্ধ সংগঠনের কর্মসূচিকে ঘিরে সারা দেশেই অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা চলছে। এরই অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের বাসে বোমা নিক্ষেপের ঘটনা ঘটতে পারে বলে আমরা ধারণা করছি। আমাদের পক্ষ থেকে টহল জোরদার করা হয়েছে। পুলিশ সদস্যরা সার্বক্ষণিক সতর্ক রয়েছেন। জড়িতদের শনাক্ত ও আটক করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

এ বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান বলেন, ছাত্রলীগের কতিপয় দুষ্কৃতকারী ফেসবুকে পোস্ট দিয়ে ইবিসহ পুরো দেশকে অস্থিতিশীল করতে চাচ্ছে। ইবির গাড়িতে নাশকতার চেষ্টার ঘটনায় রেজিস্ট্রারকে শৈলকূপা থানায় মামলার নির্দেশনা দেয়া হয়েছে। আগামীকাল নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিতে দুই জেলার এসপিকে জানানো হয়েছে। ক্যাম্পাসের সার্বিক কার্যক্রম চলমান থাকবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন