চুয়াডাঙ্গায় নিষিদ্ধ আওয়ামী লীগের ৭ নেতাকর্মী গ্রেপ্তার

জেলা প্রতিনিধি, চুয়াডাঙ্গা

চুয়াডাঙ্গায় নিষিদ্ধ আওয়ামী লীগের ৭ নেতাকর্মী গ্রেপ্তার
ছবি: আমার দেশ

চুয়াডাঙ্গা জেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অঙ্গসংগঠন স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ ও ছাত্রলীগের সাত নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশ। সোমবার রাত ১টা থেকে ভোর ৫টা পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে একযোগে পরিচালিত এ অভিযানে তাদের আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, চুয়াডাঙ্গা জেলা পুলিশ সুপার রুহুল কবীর খানের নির্দেশনায় সদর থানা, দামুড়হুদা থানা ও জীবননগর থানার একাধিক চৌকস দল সমন্বিতভাবে অভিযান পরিচালনা করে। অভিযানে জেলার বিভিন্ন এলাকা থেকে স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ ও ছাত্রলীগের সাত নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়।

বিজ্ঞাপন

গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, তিনি সদর উপজেলার শহরের সিঅ্যান্ডবি পাড়ার মৃত বাবর আলীর ছেলে। এছাড়া যুবলীগ নেতা রুহুল আমিন আশিক, সদর উপজেলার সুমিরদিয়া গ্রামের দরুদ হাসানের ছেলে; বাঁকা ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ তুহিন,

জীবননগর উপজেলার মিনাজপুর গ্রামের মৃত রহমত আলীর ছেলে; যুবলীগ নেতা দেলোয়ার হোসেন, জীবননগর উপজেলার কাদিপুর গ্রামের মৃত নিজামুদ্দিনের ছেলে; দামুড়হুদা উপজেলার দলিয়ারপুর গ্রামের মোস্তফার ছেলে মন্টু; দলকা লক্ষ্মীপুর গ্রামের মৃত ঝড়ু মণ্ডলের ছেলে ফরজ আলী এবং ভগীরথপুর গ্রামের মোশারফ হোসেনের ছেলে মমরেজ হোসেন রয়েছেন।

পুলিশের দাবি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে দায়ের হওয়া বিভিন্ন মামলায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে। এসব মামলার তদন্ত ও আইনগত প্রক্রিয়ার অংশ হিসেবেই তাদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়েছে।

অভিযানে নেতৃত্ব দেন সদর থানার ওসি মিজানুর রহমান, দামুড়হুদা থানার ওসি মেজবাহ উদ্দিন এবং জীবননগর থানার ওসি সোলায়মান শেখ। তাদের তত্ত্বাবধানে পুলিশের একাধিক দল জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্তদের গ্রেপ্তার করে।

সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃতরা নিষিদ্ধ ঘোষিত স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মী। তাদের বিরুদ্ধে চলমান মামলায় অভিযোগ থাকায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

পরে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে সোমবার দুপুরে গ্রেপ্তারকৃতদের চুয়াডাঙ্গা আদালতে সোপর্দ করা হয়।

জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, নাশকতা ও সহিংসতামূলক কর্মকাণ্ড প্রতিরোধ এবং মামলার আসামিদের আইনের আওতায় আনতে এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...