সাতক্ষীরা-যশোর সড়কের ছয়ঘরিয়া এলাকায় পরিবহনের চাপায় রহিমা খাতুন (৫৫) নামের এক পথচারী নারী নিহত হয়েছেন। বৃহস্পতিবার ভোরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রহিমা খাতুন সাতক্ষীরা সদর উপজেলার বাঁশঘাতা গ্রামের ইনসান আলীর স্ত্রী।
নিহতের ছেলে শরিফুল ইসলাম জানান, তার মা রহিমা খাতুন বৃহস্পতিবার ভোর ৪টার দিকে বাড়ি থেকে প্রাতর্ভ্রমণের (হাঁটতে) জন্য বের হন। পরবর্তীতে ভোর সাড়ে ৫টার দিকে তারা খবর পান যে সাতক্ষীরা-যশোর সড়কের ছয়ঘরিয়া মোড়ের নিকটবর্তী এলাকায় রাস্তায় তার মায়ের লাশ পড়ে রয়েছে। ঘটনাস্থলে গিয়ে তিনি তার মায়ের মাথা থেঁতলানো এবং দুই হাত ভাঙা অবস্থায় দেখতে পান। রাস্তা পার হওয়ার সময় কোনো দ্রুতগামী বাস বা ট্রাক তাকে চাপা দিয়ে চলে যাওয়ায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে বলে ধারণা করছেন স্বজনেরা।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সাতক্ষীরা সদর থানার ওসি মো. শফিকুল ইসলাম জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

