ভিডিওকাণ্ডে এমপি গাজী নজরুলের বহিষ্কারে সাতক্ষীরায় মিষ্টি বিতরণ

ভিডিওকাণ্ডে এমপি গাজী নজরুলের বহিষ্কারে সাতক্ষীরায় মিষ্টি বিতরণ

ভিডিওকাণ্ডে আলোচিত সাতক্ষীরা-৪ (শ্যামনগর) আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্তের পর সাতক্ষীরার শ্যামনগরে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। বহিষ্কারের খবর ছড়িয়ে পড়ার পর উপজেলা সদরের বিভিন্ন স্থানে সাধারণ মানুষের মধ্যে মিষ্টি বিতরণ করতে দেখা যায়।

বিজ্ঞাপন

একই সঙ্গে জামায়াতের অনেক সাধারণ সমর্থকও কেবল বহিষ্কার নয়, ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

স্থানীয় সূত্র জানায়, কেন্দ্রীয় সিদ্ধান্তের খবর প্রকাশের পর শ্যামনগর উপজেলা জামায়াত কার্যালয়ে থমথমে পরিবেশ বিরাজ করতে দেখা যায়। নেতাকর্মীদের মধ্যে বিষয়টি নিয়ে আলোচনা চললেও প্রকাশ্যে কেউ কেন্দ্রীয় সিদ্ধান্তের বিরোধিতা করেননি।

তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় শ্যামনগর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক সোলায়মান কবির বলেন, নৈতিক স্খলনের অভিযোগে এমপি গাজী নজরুল ইসলামকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়ায় জামায়াতে ইসলামীকে ধন্যবাদ জানাই। তবে শুধু বহিষ্কারেই সাধারণ মানুষের প্রত্যাশা পূরণ হবে না। অভিযোগের গুরুত্ব বিবেচনায় নিয়ে তার বিরুদ্ধে আরও প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান তিনি।

এ বিষয়ে সাতক্ষীরা জেলা জামায়াতের সাধারণ সম্পাদক মাওলানা আজিজুর রহমান বলেন, কেন্দ্রীয় সিদ্ধান্তকে আমরা স্বাগত জানিয়েছি। জামায়াতে ইসলামী একটি নৈতিক আদর্শের সংগঠন। সেই অবস্থান থেকেই দল যথাযথ সিদ্ধান্ত নিয়েছে। এ ঘটনায় আমাদের নেতাকর্মীরা বিভ্রান্ত হবেন না। ঘটনাটি দলের ভাবমূর্তিতে কিছুটা প্রভাব ফেললেও সময়োপযোগী সিদ্ধান্তের মাধ্যমে সেই মর্যাদা পুনরুদ্ধার করা সম্ভব হবে বলে আমরা বিশ্বাস করি।

এদিকে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কথা বলে জানা গেছে, দলীয় সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবে দেখলেও অনেকেই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত ও আইনগত প্রক্রিয়ার মাধ্যমে দোষী প্রমাণিত হলে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন