পদ্মায় আধিপত্য বিস্তার নিয়ে বিরোধের জেরে দুই স্পিডবোটে আগুন

পদ্মায় আধিপত্য বিস্তার নিয়ে বিরোধের জেরে দুই স্পিডবোটে আগুন

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বাহাদুরপুরসংলগ্ন পদ্মা নদীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে জলদস্যুদের দুটি স্পিডবোটে অগ্নিসংযোগ ও পরে সেগুলো মাঝনদীতে ডুবিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। নদীতে জলদস্যুদের দুই পক্ষের বিরোধের জের ধরেই এ ঘটনা ঘটেছে বলে ধারণা করছেন স্থানীয়রা।

বিজ্ঞাপন

রোববার দুপুরে উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের আরকান্দি, লিসেনদিয়া ও মাধবপুর সীমান্তসংলগ্ন পদ্মা নদীতে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বাহাদুরপুর ইউনিয়নের সীমান্তবর্তী পদ্মায় জলদস্যুদের চারটি স্পিডবোটকে চলাচল করতে দেখা যায়। একপর্যায়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে একপক্ষ অন্যপক্ষের দুটি স্পিডবোটকে ধাওয়া করে। ধাওয়া খেয়ে অপরপক্ষের সদস্যরা বোট দুটি নদীর তীরে রেখে পালিয়ে যান। পরে প্রতিপক্ষ দল এসে বোটগুলোতে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিয়ে দ্রুত স্থান ত্যাগ করে।

ঘটনার সময় নদী তীরবর্তী পানবরজে কাজ করা কৃষকরা কয়েক রাউন্ড গুলির শব্দ শুনতে পান। এর কিছুক্ষণ পরই তারা পদ্মায় আগুনের কুণ্ডলী ও কালো ধোঁয়া উড়তে দেখেন। পরে স্থানীয়রা এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে আগুন নেভানোর পর আরেকটি স্পিডবোট এসে ক্ষতিগ্রস্ত বোট দুটিকে টেনে নিয়ে মাঝনদীতে ডুবিয়ে দেয় বলে জানান প্রত্যক্ষদর্শীরা।

এ ঘটনার বিষয়ে বিস্তারিত জানতে লক্ষ্মীকুণ্ডা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ শফিকুল ইসলামের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি মিটিংয়ে আছেন জানিয়ে ফোন কেটে দেন।

এ বিষয়ে ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম শেখ বলেন, ঘটনাটি তাঁরা শুনেছেন। তবে বিষয়টি নৌ-পুলিশের আওতাভুক্ত হওয়ায় তারাই এ বিষয়ে প্রয়োজনীয় তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন