যশোর শহরে নির্মাণাধীন একটি ভবনের ব্যালকনি ভেঙে দুই প্রকৌশলী ও এক শ্রমিক কাম সাব-কনট্রাক্টর নিহত হয়েছেন। আজ বেলা ১২টার কিছুক্ষণ আগে খড়কি সার্কিট হাউজপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।
ভবনটি যশোরের সাবেক সরকারি কৌঁসুলি (জিপি) বাহাউদ্দিন ইকবালের জমিতে নির্মাণ করছিল 'বিল্ডিং ফর ফিউচার' নামে একটি প্রতিষ্ঠান।
ভবনটির সাত তলা পর্যন্ত নির্মাণকাজ শেষ হয়েছে। আট তলার একাংশ এখনও নির্মাণাধীন রয়েছে।
আজ সকালে ওই ভবনে বৈদ্যুতিক কাজ করতে গিয়েছিলেন মুজিবর নামে এক শ্রমিক। তিনি জানান, বেলা ১২টার কিছুক্ষণ আগে দুইজন প্রকৌশলী ও একজন শ্রমিক ভবনটির ওপরের দিকে ওঠেন। কিছু সময় পর বিকট শব্দ পেয়ে তিনি বাইরে এসে দেখেন, ওপরে ওঠা তিনজনই ব্যালকনি ভেঙে নিচে পড়েছেন। সঙ্গে সঙ্গে তাদের হাসপাতালে নেয়া হয়। জেনারেল হাসপাতালের চিকিৎসকরা পরীক্ষা করে তিনজনকেই মৃত বলে ঘোষণা করেন।
নিহতরা হলেন প্রজেক্ট ইঞ্জিনিয়ার মিজানুর রহমান, সাইট ইঞ্জিনিয়ার আজিজুর এবং শ্রমিক কাম সাব-কন্ট্রাক্টর নুরু। এদের মধ্যে মিজানুরের বাড়ি কুষ্টিয়ায়। আজিজুরের বাড়ি দিনাজপুরে। আর নুরু চাঁপাইনবাবগঞ্জ জেলার মহারাজপুর গ্রামের মৃত রমজান আলীর ছেলে।
যশোর কোতোয়ালি থানার ওসি আবুল হাসনাত খান এই তথ্য নিশ্চিত করেছেন।
দুর্ঘটনাস্থলের পাশের বাসিন্দা জহুরুল হক শিমুল জানান, আট তলা ভবনের ছয় তলায় একটি বর্ধিত ব্যালকনি নির্মাণ করা হয়েছে সম্প্রতি। ব্যালকনিটি পরিদর্শন করতে গিয়ে ওই তিনজন দুর্ঘটনার শিকার হন। ব্যালকনিটি ভেঙে তিনজন নিচে পড়ে যায়।
যশোর জেনারেল হাসপাতালে গিয়ে দেখা যায়, তিনজনের লাশ মর্গে রাখা হয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

