১৫ আগস্ট শেখ মুজিবুর রহমানের ৫০তম মৃত্যুবার্ষিকী ঘিরে রাতের আঁধারে খুলনার দেয়াল ও খুঁটিতে পোস্টার সাঁটাচ্ছে আ.লীগ। নগরীর খালিশপুর ও খানজাহান আলী থানা এলাকায় সোমবার রাতে এসব পোস্টার সাঁটানো হয়। পরে বিক্ষুব্ধ জনতা এসব পোস্টার ছিঁড়ে ফেলে।
সরেজমিনে দেখা গেছে, পোস্টারে লেখা ছিলো শেখ মুজিবের ৫০তম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি জানানোর পাশাপাশি ‘তোমার আদর্শের শক্তি দিয়ে প্রিয় মাতৃভূমিকে অপশক্তি মুক্ত করবই’ শ্লোগান। সাথে ছিল ৭৫এর ১৫ আগস্টে নিহতদের ছবি।
এসব বিষয়ে যোগাযোগ করা হলে খুলনা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা তৈমুর ইসলাম বলেন, আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠন বিশেষ করে ছাত্রলীগ, যুবলীগ নেতাকর্মীরা জামিনে বেরিয়ে এসে আত্মগোপনে পোস্টারিং করছে এমন তথ্য আমাদের কাছে রয়েছে। এছাড়া যারা আওয়ামী লীগের দোসর কিন্তু হিডেন অবস্থায় রয়েছে এমন বিভিন্ন ব্যবসায়ীরা মিছিল-পোস্টারিং করার ক্ষেত্রে অর্থজোগান দিচ্ছে এমনও তথ্য রয়েছে। আমরা এসব বিষয়টি মাথায় রেখে যারা ঘটনার সাথে জড়িত তাদেরকে ধরতে অভিযান অব্যাহত রেখেছি।
জানা গেছে, গণঅভ্যুত্থানে শেখ হাসিনার পলায়নের পর খুলনার আওয়ামী লীগ নেতাকর্মীরা গা ঢাকা দেয়। বেশ কয়েকজন বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেপ্তারও হন। কিন্ত তাদের প্রায় সবাই জামিনে বেরিয়ে এসেছে। ফের সক্রিয় হওয়ার চেষ্টা করছে। গত ২৩ এপ্রিল নগরীর সিটি মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থেকে গ্রেপ্তার হয়েছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট এম এম মুজিবুর রহমান। তার মোবাইল চেক করে গোয়েন্দা সংস্থা জানতে পারে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শেখ হেলাল উদ্দিন ও শেখ জুয়েলসহ ৩০/৪০ জনের সাথে মোবাইল হোয়্যাটসঅ্যাপ, টেলিগ্রাম ও জুম অ্যাপসে কথা বলেছেন। তার মোবাইল কলরেকর্ড ও ব্যাংক একাউন্টে অস্বাভাবিক লেনদেনের বিষয়ে প্রমাণ পাওয়ার পর জেলা প্রশাসকের মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে রাষ্ট্রদ্রোহ মামলা করার অনুমতি চায় পুলিশ। মন্ত্রণালয়ের অনুমতি পাওয়ার পর সোমবার অন্তর্বর্তী সরকারকে উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগে শেখ হাসিনাসহ ৪৬ জনের বিরুদ্ধে খুলনায় রাষ্ট্রদ্রোহের মামলা করেছে ডিবি পুলিশ।
এছাড়া গত ৯ আগস্ট শুক্রবার নাশকতা মামলায় খুলনা মহানগর ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি শেখ সাকিবকে গ্রেপ্তার করে পুলিশ। শুক্রবার রাতে নগরীর সোনাডাঙ্গা থানাধীন আলীর ক্লাব সংলগ্ন হোটেল তাজমহল থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সাকিব সোনাডাঙ্গা গীর্জা রোডের বাসিন্দা শেখ আ. জব্বারের ছেলে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

