ভ্যানচালকের মেয়ের অভাবনীয় সাফল্য, উৎকণ্ঠা উচ্চশিক্ষা নিয়ে

ভ্যানচালকের মেয়ের অভাবনীয় সাফল্য, উৎকণ্ঠা উচ্চশিক্ষা নিয়ে
নুরজাহান খাতুন। ছবি: সংগৃহীত

দারিদ্র্য ও নানা প্রতিকূলতার সঙ্গে যুদ্ধ করে অদম্য ইচ্ছাশক্তি আর কঠোর পরিশ্রমে অভাবনীয় সাফল্য অর্জন করেছে নুরজাহান খাতুন। সে বিজ্ঞান বিভাগে অন্যান্য নম্বর বাদে ১০৬৮ নম্বর পেয়ে পরীক্ষা কেন্দ্রে প্রথম হয়েছে। তার বাবা নূর আলম পেশায় একজন ভ্যানচালক এবং মা আছিয়া খাতুন অন্যের বাড়িতে কাজ করে সংসার চালান। তাদের বাড়ি যশোরের ঝিকরগাছা উপজেলার বাঁকড়া ইউনিয়নের আলিপুর গ্রামে। উচ্চশিক্ষা গ্রহণের ব্যয়ভার নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন তার পরিবার।

যশোরের ঝিকরগাছা উপজেলার বাঁকড়া হাজিরবাগ আইডিয়াল গার্লস স্কুল অ্যান্ড কলেজ থেকে বিজ্ঞান বিভাগে পরীক্ষা দিয়েছে নুরজাহান খাতুন। বাঁকড়া এসএসসি পরীক্ষা কেন্দ্রে অংশগ্রহণকারী ৩৭২ জন পরীক্ষার্থীর মধ্যে সে ১০৬৮ নম্বর পেয়ে প্রথম হয়েছে। নুরজাহানের এই অসামান্য গৌরব অর্জনে পরিবার, বিদ্যালয় এবং পুরো এলাকায় আনন্দের বন্যা বইছে।

বিজ্ঞাপন

ভ্যানচালক বাবা নুর আলম বলেছেন, সামান্য আয়ে কোনো মতে সংসার চলতো। এর মধ্যে নুরজাহানের পড়াশোনার খরচ চালানো ছিল অত্যন্ত কষ্টের। কিন্তু মেয়ের পড়াশোনার প্রতি আগ্রহ দেখে অনাহারে-অর্ধাহারে থেকেও তার পড়াশোনা চালিয়ে গিয়েছি। নুরজাহান তার মা-বাবার সেই ত্যাগের মর্যাদা দিয়েছে।

নিজের এই অর্জনে উচ্ছ্বসিত নুরজাহান খাতুন জানায়, ‘আমার এই সফলতার পেছনে সবচেয়ে বড় অবদান আমার আব্বা-আম্মার। কষ্ট করে হলেও তারা আমার পড়াশোনা বন্ধ করতে দেননি। স্কুলের শিক্ষকরাও আমাকে সবসময় গাইড করেছেন। আমি ভবিষ্যতে আরো ভালো পড়াশোনা করে দেশের সেবা করতে চাই। নুরজাহান উচ্চশিক্ষার মাধ্যমে নিজের ও পরিবারের ভাগ্য বদলাতে চায়।

তবে আগামীতে পড়াশোনার খরচ কীভাবে চলবে, তা নিয়ে চিন্তিত তার পরিবার। সমাজের বিত্তবান ও শিক্ষানুরাগী মানুষের একটু সহযোগিতা পেলে নুরজাহানের স্বপ্ন পূরণ হওয়া নিয়ে অনিশ্চয়তায় পড়েছেন তার পরিবার।

নুরজাহান ও তার পরিবার সমাজের সর্বস্তরের মানুষের সহযোগিতা ও দোয়া কামনা করেছেন। বাঁকড়া হাজিরবাগ আইডিয়াল গার্লস স্কুল অ্যান্ড কলেজের শিক্ষকরা নুরজাহানের এই সাফল্যে গর্ব প্রকাশ করে বলেন, ‘নুরজাহান অত্যন্ত মেধাবী ও বিনয়ী। চরম অভাবের মধ্যেও সে যেভাবে পড়ালেখা চালিয়ে গেছে এবং কেন্দ্রে প্রথম স্থান অধিকার করেছে, তা সত্যিই প্রশংসনীয়। সঠিক পৃষ্ঠপোষকতা পেলে সে ভবিষ্যতে অনেক দূর এগিয়ে যাবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন