ফ্যাসিস্ট শেখ হাসিনার সাবেক সামরিক সচিব ও ঝিনাইদহ-৩ (কোটচাঁদপুর-মহেশপুর) আসনের সাবেক এমপি মেজর জেনারেল (অব.) সালাহউদ্দিন মিয়াজীকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী।
মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টায় যশোর সদর উপজেলার রুদ্রপুর এলাকার নিজের শ্যামলছায়া পার্ক থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টা থেকে শ্যামলছায়া পার্কে মিয়াজীকে অবরুদ্ধ করে রাখেন স্থানীয় ছাত্র-জনতা।
এরপর রাত ১০টায় ওই পার্কের ফটকের সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতাকর্মীসহ বিপুল সংখ্যক মানুষ অবস্থান নেয় এবং ফ্যাসিস্ট হাসিনাবিরোধী স্লোগান দিতে থাকেন। পরে সেখানে যৌথ বাহিনী উপস্থিত হয়ে সালাহউদ্দিন মিয়াজীকে গ্রেফতার করে।
এদিকে মেজর জেনারেল (অব.) সালাহউদ্দিন মিয়াজীকে দুই দিনের রিমান্ডে দিয়েছে আদালত। বুধবার সকালে ঝিনাইদহের একটি আদালতে মিয়াজীকে হাজির করে রিমান্ড আবেদন করে পুলিশ। পরে বিচারক ফারুক আজম ঝিনাইদহ জেলা বিএনপির কার্যালয় ভাঙচুর মামলায় সাবেক এই এমপির দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
পুলিশ জানায়, রাত সাড়ে ১২টায় যৌথ বাহিনী মিয়াজীকে হেফাজতে নেয়। পরে বিএনপির ঝিনাইদহ কার্যালয় ভাঙচুরের মামলায় আটক দেখিয়ে তাকে ঝিনাইদহ সদর থানায় হস্তান্তর করা হয়। বুধবার পুলিশ পাহারায় তাকে আদালতে তোলা হয়। ৫ আগস্ট হাসিনা সরকারের পতনের পর তিনি পলাতক ছিলেন।
উল্লেখ্য, ২০২৪ সালের ৭ জানুয়ারির নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে ঝিনাইদহ-৩ আসনে সংসদ সদস্য নির্বাচিত হন মিয়াজী। এর আগে ২০১৫ থেকে ২০১৭ সাল পর্যন্ত শেখ হাসিনার সামরিক সচিব ছিলেন তিনি।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

