চুয়াডাঙ্গায় ঈদের পোশাক কিনতে এসে প্রাণ গেল এক কিশোরের। চুয়াডাঙ্গা পৌর এলাকার মুন্না মোড়ে মোটরসাইকেল ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নিহতের নাম বিপুল হোসেন (১৮)।
এ দুর্ঘটনায় আহত হয়েছেন চারজন। নিহত বিপুল হোসেন সদর উপজেলার সরোজগঞ্জ ছয়মাইল এলাকার আয়তাল হোসেনের ছেলে। আহত ইজিবাইক চালক চুয়াডাঙ্গা পৌর এলাকার ১নং ওয়ার্ডের সিঅ্যান্ডবি পাড়ার বাসিন্দা।
ইজিবাইক চালক চুয়াডাঙ্গার গুলশানপাড়ায় একটি ইফতার মাহফিল শেষে অটো চালিয়ে মুন্না মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন।
বুধবার (২৬ মার্চ) রাত ৮টায় এ দুর্ঘটনা ঘটে। চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খালেদুর রহমান জানান, নিহত বিপুল হোসেনসহ আরো দুজন একটি মোটরসাইকেলে ঈদের কেনাকাটার জন্য চুয়াডাঙ্গা শহরে আসছিলেন। তারা পৌর টার্মিনাল এলাকার মুন্না মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মারা যান বিপুল। এ ঘটনায় ইজিবাইকে থাকা দুজন ও মোটরসাইকেলে থাকা আরো দুজন আহত হয়।
দুর্ঘটনায় নিহত বিপুল হোসেনের ভাই বিপ্লব (২২) ও বিপ্লবের বন্ধু ওয়াসিম (২২) গুরুতর আহত হয়েছেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

