দামুড়হুদাসহ চুয়াডাঙ্গার ৪ উপজেলায় ৪ নারী ইউএনও

উপজেলা প্রতিনিধি, দামুড়হুদা (চুয়াডাঙ্গা)

দামুড়হুদাসহ চুয়াডাঙ্গার ৪ উপজেলায় ৪ নারী ইউএনও
ছবি: আমার দেশ

চুয়াডাঙ্গার প্রশাসনিক ইতিহাসে নতুন এক অধ্যায়ের সূচনা হয়েছে। জেলার চারটি উপজেলায় প্রথমবারের মতো একযোগে চারজন নারী উপজেলা নির্বাহী কর্মকর্তা দায়িত্ব পালন করছেন। একই সঙ্গে জেলার দ্বিতীয় নারী জেলা প্রশাসকের নেতৃত্বে এ দায়িত্ব পালনের মধ্য দিয়ে চুয়াডাঙ্গায় প্রশাসনে নারীর নেতৃত্বের এক অনন্য নজির সৃষ্টি হয়েছে।

জানা গেছে, চুয়াডাঙ্গার জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করছেন লুৎফুন নাহার। তার নেতৃত্বে জেলার সদর, আলমডাঙ্গা ও দামুড়হুদা উপজেলায় আগে থেকেই নারী ইউএনও দায়িত্ব পালন করছিলেন। সম্প্রতি জীবননগর উপজেলায়ও একজন নারী কর্মকর্তাকে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে পদায়ন করা হয়েছে। ফলে জেলার চারটি উপজেলাতেই এখন নারী ইউএনও দায়িত্ব পালন করছেন।

বিজ্ঞাপন

এর মধ্যদিয়ে জেলা প্রশাসকসহ জেলার প্রশাসনের গুরুত্বপূর্ণ পাঁচটি নির্বাহী পদে একযোগে পাঁচ নারী কর্মকর্তার দায়িত্ব পালনের বিরল দৃষ্টান্ত স্থাপিত হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, এটি শুধু চুয়াডাঙ্গার জন্য নয়, স্থানীয় প্রশাসনে নারীর অংশগ্রহণ ও নেতৃত্বের ক্ষেত্রেও একটি ইতিবাচক মাইলফলক।

সুশাসন, জনসেবার মানোন্নয়ন এবং প্রশাসনিক কার্যক্রমে নারীদের দক্ষ নেতৃত্বের বিষয়টি এ ঘটনার মাধ্যমে আরও দৃশ্যমান হয়েছে বলে মনে করছেন সচেতন মহল। তাদের মতে, প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে নারীদের সফল দায়িত্ব পালন ভবিষ্যৎ প্রজন্মের নারীদের জন্য অনুপ্রেরণা হিসেবে কাজ করবে এবং সরকারি প্রশাসনে নারীর অংশগ্রহণ আরও বৃদ্ধি পাবে।

স্থানীয়রা আশা প্রকাশ করেছেন, জেলা প্রশাসক ও চার নারী ইউএনওর সমন্বিত নেতৃত্বে চুয়াডাঙ্গায় উন্নয়ন কার্যক্রম, জনসেবা এবং প্রশাসনিক দক্ষতা আরও গতিশীল হবে।

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন