পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেছেন, উপকূলে পানিসংকট সমাধানে সরকার কাজ করছে। জলবায়ু পরিবর্তনের প্রভাবে লবণাক্ততা বৃদ্ধি পাওয়ায় এ সমস্যা আরো জটিল হয়ে উঠেছে। সরকার ইতোমধ্যে বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করছে এবং উপকূলীয় মানুষের নিরাপদ পানির নিশ্চয়তায় দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
শনিবার সকাল ১১টায় মোংলা উপজেলা পরিষদ মিলনায়তনে ‘উপজেলা প্রশাসন, ক্লাইমেট অ্যাকশন ফোরাম এবং বেসরকারি উন্নয়ন সংস্থা লিডার্স’র সংলাপ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এতে সভাপতিত্ব করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. ফাহমিদা খানম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন এবং জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী জয়ন্ত মল্লিক।
উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার সুমি বলেন, উপকূলীয় অঞ্চলে লবণাক্ততা বৃদ্ধির কারণে সুপেয় পানির সংকট ভয়াবহ। সরকার ও উন্নয়ন সংস্থার সমন্বিত উদ্যোগে এর সমাধান সম্ভব।
সংলাপে আরো উপস্থিত ছিলেন মোংলা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. রেফাতুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. শাহীন হোসেন, মোংলা থানার ওসি আতিকুর রহমান, পৌর বিএনপির সভাপতি মো. জুলফিকার আলী, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মানিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
সংলাপ শেষে প্রধান অতিথি প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, জেলা প্রশাসক এবং অতিরিক্ত সচিব মোংলা উপজেলার বিভিন্ন বেসরকারি পানির প্রকল্প পরিদর্শন করেন।
জেডএম
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

