যুবদল নেতা মাহবুব হত্যা, খুনিদের দ্রুত বিচারের দাবি পরিবারের

যুবদল নেতা মাহবুব হত্যা, খুনিদের দ্রুত বিচারের দাবি পরিবারের

খুলনায় যুবদল নেতা মাহবুবুর রহমান মোল্লা হত্যা মামলার দ্রুত বিচার ও প্রকৃত খুনিদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন পরিবারের সদস্যরা। বৃহস্পতিবার জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধনে অংশ নিয়ে তারা এ দাবি জানান। তার পরিবার ও মহেশ্বরপাশা পশ্চিমপাড়া নবারুণ যুব সংঘ যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে।

মানববন্ধনে অংশ নিয়ে খুলনা মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম মনা বলেন, দীর্ঘ ১৭ বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজপথে সাহসী যোদ্ধা ছিল মাহবুব। সেই মাহবুবকে কিছুদিন আগে হত্যা করা হয়েছে। ‍কিন্তু এখনো তার কোনো বিচার হয়নি।

বিজ্ঞাপন

তিনি আরো বলেন, মহানগর বিএনপির পক্ষ থেকে আমরা প্রতিবাদ সমাবেশ করেছি, সর্বমহলে জোর দাবি জানিয়েছি অবিলম্বে মাহবুব হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার করার জন্য। কিন্তু আমরা লক্ষ করছি, খুলনা শহরে একের পর এক হত্যাকাণ্ড ঘটলেও প্রশাসন কার্যকর কোনো পদক্ষেপ নিচ্ছে না। মনা ক্ষোভ প্রকাশ করে বলেন, খুলনা শহরের মানুষ বাড়ি থেকে বের হলে নিরাপদে ফিরে আসবে কি না, তা নিয়ে পরিবারের লোকজন শঙ্কিত থাকে। অবিলম্বে এ হত্যাকাণ্ডের বিচার না হলে মহানগর বিএনপির পক্ষ থেকে আরো কঠোর কর্মসূচি দেওয়ার ঘোষণা দেন তিনি।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির দপ্তরের দায়িত্বপ্রাপ্ত শরিফুল ইসলাম টিপু, নিহত মাহবুবের বাবা আব্দুল করিম মোল্লা, চাচা রহিম মোল্লা এবং ভাই মিজানুর রহমান।

গত ১১ জুলাই দৌলতপুরের পশ্চিম মহেশ্বরপাশা এলাকায় নিজ বাসার সামনে দুর্বৃত্তদের গুলি ও ধারালো অস্ত্রের আঘাতে নিহত হন দৌলতপুর উপজেলা যুবদলের সাবেক সহসভাপতি মাহবুবুর রহমান মোল্লা। এ সময় হত্যাকারীরা তার দুই পায়ের রগ কেটে দেয়।

ওই ঘটনায় পরবর্তীতে তার বাবা আব্দুল করিম মোল্লা বাদী হয়ে দৌলতপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। হত্যাকাণ্ডের রহস্য উদ্‌ঘাটনে পুলিশের একাধিক টিম কাজ করছে বলে জানানো হলেও এখন পর্যন্ত উল্লেখযোগ্য কোনো অগ্রগতি লক্ষ করা যায়নি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন