সারের ডিলার নিয়োগে দুর্নীতি, ও স্বজনপ্রীতির প্রতিবাদে মানববন্ধন

সারের ডিলার নিয়োগে দুর্নীতি, ও স্বজনপ্রীতির প্রতিবাদে মানববন্ধন

সাতক্ষীরা জেলার ৭৮টি ইউনিয়ন ও তিনটি পৌরসভায় সারের ডিলার নিয়োগে ব্যাপক দুর্নীতি, স্বজনপ্রীতি ও অনিয়মের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

বুধবার দুপুর ১২টায় সাতক্ষীরা জজকোর্টের সামনে অনুষ্ঠিত এই মানববন্ধনে বিএনপির তৃণমূলের নেতাকর্মী এবং দলটির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, সারের ডিলার নিয়োগ প্রক্রিয়ায় প্রকৃত ব্যবসায়ী ও যোগ্য ব্যক্তিদের বঞ্চিত করে অনিয়ম ও স্বজনপ্রীতির মাধ্যমে ডিলারশিপ বরাদ্দ দেওয়া হয়েছে। এর ফলে স্থানীয় কৃষকেরা সঠিক সময়ে ও ন্যায্যমূল্যে সার পাওয়া নিয়ে চরম অনিশ্চয়তায় পড়ছেন। জেলার অধিকাংশ ডিলারশিপ ফ্যাসিস্ট আওয়ামী লীগের নেতাকর্মীরা পেয়েছেন। প্রধানমন্ত্রী তারেক রহমানকে পরিকল্পিতভাবে বিতর্কের মধ্যে ফেলার জন্যই এ ধরনের অপচেষ্টা চালানো হয়েছে।

এ ছাড়া সম্প্রতি সাতক্ষীরায় মেলার নামে লাখ লাখ টাকা চাঁদাবাজির অভিযোগ তুলে বক্তারা বলেন, এসব টাকা কারা নিচ্ছে, সেটি দ্রুত জানাতে হবে। তা না হলে জনগণকে সঙ্গে নিয়ে কঠোর আন্দোলনের মাধ্যমে মেলা বন্ধ করা হবে।

বক্তারা অনতিবিলম্বে এই বিতর্কিত ডিলার নিয়োগ বাতিল করে স্বচ্ছ প্রক্রিয়ায় পুনরায় সার ডিলার নিয়োগের জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান।

মানববন্ধনে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুস সামাদ, সাতক্ষীরা পৌর বিএনপির আহ্বায়ক শের আলী, সাবেক সদস্যসচিব আবদুল্লাহ আল মামুন রাজু, বৈকারী ইউনিয়ন বিএনপি নেতা সারোয়ার হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কামরুজ্জামান ভুট্টো, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব শেখ শরিফুজ্জামান সজীবসহ স্থানীয় বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মী।

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন