আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

সাতক্ষীরার ৪টি আসনে ১৯ প্রার্থীর মনোনয়ন বৈধ, বাতিল ১০

উপজেলা প্রতিনিধি, শ্যামনগর (সাতক্ষীরা)

সাতক্ষীরার ৪টি আসনে ১৯ প্রার্থীর মনোনয়ন বৈধ, বাতিল ১০
ছবি: আমার দেশ।

সাতক্ষীরার চারটি সংসদীয় আসনে জমা পড়া মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ১৯ জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে ১০ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।শনিবার (৩ ডিসেম্বর) সকালে জেলা প্রশাসন ও জেলা রিটার্নিং কর্মকর্তা মিজ আফরোজা আখতার যাচাই-বাছাই শেষে এ সিদ্ধান্ত জানান।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সাতক্ষীরার চারটি আসনে মোট ৩৫টি মনোনয়নপত্র বিক্রি হলেও জমা পড়ে ২৯টি। যাচাই-বাছাই শেষে এর মধ্যে ১৯টি বৈধ ও ১০টি মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়।

বিজ্ঞাপন

সাতক্ষীরা-১ আসন

সাতক্ষীরা-১ আসনে ছয়জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। এর মধ্যে চারজনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করা বঙ্গবন্ধু সৈনিক লীগের কেন্দ্রীয় কমিটির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক এস এম মুজিবুর রহমান (সরদার মুজিব)–এর মনোনয়নপত্র বাতিল করা হয়। এক শতাংশ ভোটারের সমর্থন যাচাইয়ে অনিয়ম পাওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

এছাড়া বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক হাবিবুল ইসলাম হাবিবের মনোনয়নপত্র সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে। সাজাপ্রাপ্ত মামলার রায়ের কপি যাচাই শেষে তার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে বলে জানান রিটার্নিং কর্মকর্তা।

এই আসনে আরো মনোনয়নপত্র দাখিল করেন মো. ইয়ারুল ইসলাম (বাংলাদেশ কংগ্রেস), মো. ইজ্জত উল্লাহ (বাংলাদেশ জামায়াতে ইসলামী), জিয়াউর রহমান (জাতীয় পার্টি), মো. হাবিবুল ইসলাম হাবিব (বিএনপি), শেখ মো. রেজাউল করিম (ইসলামী আন্দোলন বাংলাদেশ) ও এস এম মুজিবুর রহমান (স্বতন্ত্র)।

সাতক্ষীরা-২ আসন

সাতক্ষীরা-২ (সদর–দেবহাটা) আসনে আটজন প্রার্থীর মধ্যে সাতজনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। জাতীয় পার্টির রুহুল আমীন হাওলাদার গ্রুপের প্রার্থী শেখ মাতলুব হোসেন লিয়নের মনোনয়নপত্র দলীয় কাগজপত্র সঠিক না থাকায় বাতিল করা হয়।

এই আসনে মনোনয়নপত্র দাখিল করেন মুহাদ্দিস আব্দুল খালেক (জামায়াতে ইসলামী), মো. আব্দুর রউফ (বিএনপি), মো. আশরাফুজ্জামান (জাতীয় পার্টি), জিএম সালাউদ্দীন (আমার বাংলাদেশ পার্টি), মো. ইদ্রিশ আলী (বাংলাদেশ জাসদ), শেখ মাতলুব হোসেন লিয়ন (জাতীয় পার্টি), মুফতি রবিউল ইসলাম (ইসলামী আন্দোলন বাংলাদেশ) ও শফিকুল ইসলাম সাহেদ (এলডিপি)।

সাতক্ষীরা-৩ আসন

সাতক্ষীরা-৩ (আশাশুনি–কালিগঞ্জ) আসনে আটজন প্রার্থীর মধ্যে চারজনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। এক শতাংশ ভোটারের সমর্থন সঠিক না হওয়ায় বিএনপির বিদ্রোহী তিন স্বতন্ত্র প্রার্থী ডা. শহিদুল আলম, এস এ আসফউদ্দৌলা খান ও আসলাম আল মেহেদীর মনোনয়নপত্র বাতিল করা হয়।

এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো. ওয়ায়েজ কুরুনীর মনোনয়নপত্র সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে।

এই আসনে মনোনয়নপত্র দাখিল করেন হাফেজ মুহাম্মদ রবিউল বাসার (জামায়াতে ইসলামী), মো. আলিফ হোসেন (জাতীয় পার্টি), কাজী আলাউদ্দীন (বিএনপি), এস এ আসফউদ্দৌলা খান (স্বতন্ত্র), মো. শহিদুল আলম (স্বতন্ত্র), আসলাম আল মেহেদী (স্বতন্ত্র), রুবেল হোসেন (বিএমজেপি) ও মো. ওয়ায়েজ কুরুনী (ইসলামী আন্দোলন বাংলাদেশ)।

সাতক্ষীরা-৪ আসন

সাতক্ষীরা-৪ আসনে জমা পড়া সাতটি মনোনয়নপত্রের মধ্যে তিনটি বৈধ ও চারটি বাতিল ঘোষণা করা হয়েছে। এক শতাংশ ভোটারের তথ্য সঠিক না থাকা, দলীয় মনোনয়ন ত্রুটি ও ঋণ খেলাপির অভিযোগে চারজনের মনোনয়ন বাতিল করা হয়।

এই আসনে মনোনয়নপত্র দাখিল করেন জিএম নজরুল ইসলাম (জামায়াতে ইসলামী), মো. আব্দুর রশিদ (জাতীয় পার্টি), মো. মনিরুজ্জামান (বিএনপি), হুসেইন মুহাম্মদ মায়াজ (জাতীয় পার্টি), এইচ এম গোলাম রেজা (গণঅধিকার পরিষদ), এস এম মোস্তফা আল মামুন (ইসলামী আন্দোলন বাংলাদেশ) ও মো. আব্দুল ওয়াহেদ (স্বতন্ত্র)।

জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আফরোজা আখতার বলেন,চারটি আসনে জমা পড়া ২৯টি মনোনয়নপত্রের মধ্যে যাচাই-বাছাই শেষে ১৯টি বৈধ ও ১০টি বাতিল ঘোষণা করা হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...