নেত্রকোনার পূর্বধলা উপজেলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের ঝটিকা মিছিল, নাশকতামূলক কর্মকাণ্ড এবং যানবাহন ভাঙচুরের অভিযোগে ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন— রফিকুল ইসলাম খোকন (৪৯), মাসুদ রানা (২২), শাহজাহান (৪৪), আতাউর রহমান (৪৫), মাজহারুল ইসলাম প্রিন্স (২৮) এবং হযরত আলী (৪৬)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের ফাজিলপুর এলাকায় উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহাদত হোসাইনের নেতৃত্বে একটি ঝটিকা মিছিল করেন। মিছিলের ভিডিও পরবর্তীতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে শেখ হাসিনা ও সাবেক সংসদ সদস্য আহমদ হোসেনের পক্ষে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। ছাত্রলীগের এ ঝটিকা মিছিলের ভিডিওটি পরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে শেয়ার করা হয়। দুই মিনিট ৫২ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, শাহাদত হোসাইন মিছিলে নেতৃত্ব দিয়ে বিভিন্ন স্লোগান দিচ্ছেন। তার পেছনে ৩০ থেকে ৪০ জন নেতা-কর্মীকেও স্লোগান দিতে দেখা যায়।
পুলিশ জানায়, ওই ঘটনায় ঝটিকা মিছিল, অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ড এবং যানবাহন ভাঙচুরের অভিযোগে উপজেলা বিএনপির সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম ওরফে মনিরুল হক বাদী হয়ে পূর্বধলা থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় মাসুদ রানাকে প্রধান আসামি করে ৩৩ জনের নাম উল্লেখ করা হয়। এছাড়া আরও ৩০ থেকে ৩৫ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন জানান, মামলার ভিত্তিতে অভিযান চালিয়ে ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার তাদের আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ জানিয়েছে, মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

