গাঁজাসহ আটক ছাত্রদল নেতা বহিষ্কার

গাঁজাসহ আটক ছাত্রদল নেতা বহিষ্কার

নেত্রকোনার মদনে গাঁজাসহ আটক পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল বারী হীরা (২৯) কে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

বিজ্ঞাপন

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল নেত্রকোনা জেলা শাখা সোমবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ বহিষ্কারাদেশের কথা জানায়।

জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক (যুগ্ম সাধারণ সম্পাদক পদমর্যাদা) আশরাফুল ইসলাম খান পাঠান (প্রান্ত) স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে মদন পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল বারী হীরাকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হলো।

জেলা ছাত্রদলের সভাপতি অনিক মাহবুব চৌধুরী ও সাধারণ সম্পাদক শামছুল হুদা শামীম এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন। একই সঙ্গে ছাত্রদলের সব পর্যায়ের নেতাকর্মীকে বহিষ্কৃত ওই নেতার সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

মদন থানায় দায়ের করা এজাহার সূত্রে জানা গেছে, বহিষ্কারের আগের দিন ১২ অক্টোবর রাত সাড়ে আটটার দিকে পৌরসভার সওদাগরপাড়া বালুর মাঠ থেকে তাকে আটক করে পুলিশ। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন দৌড়ে পালানোর চেষ্টা করেন। ঘটনাস্থল থেকে চারজনকে আটক করা হয়।

আটককৃতরা হলেন— মদন উপজেলার মদন পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল বারী আকন্দ হীরা (২৯), হুমায়ুন কবীর (৩২), মো. মানিক মিয়া (৩০) এবং তারেক (২৫)।

পুলিশ জানায়, ঘটনাস্থল তল্লাশি করে একটি গাঁজা খাওয়ার কলকি, একটি গাঁজা কাটার লোহার কাটার, একটি গ্যাসলাইট, সামান্য গাঁজার পোড়া অংশ এবং নারিকেলের ছোবড়া জব্দ করা হয়েছে।

এ ঘটনায় মদন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

মদন থানার ওসি (তদন্ত) অসীম কুমার দাস জানান, মাদকবিরোধী অভিযানে চার যুবককে আটক করা হয়েছে। মঙ্গলবার তাদের আদালতে পাঠানো হয়েছে।

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন