ময়মনসিংহের হালুয়াঘাটে পাহাড়ি ঢল ও টানা ভারী বৃষ্টির কারণে ভয়াবহ বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ভারতীয় গারো পাহাড় থেকে নেমে আসা ঢল এবং স্থানীয় নদনদীর পানি বৃদ্ধি পাওয়ায় উপজেলার একাধিক ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে হাজার হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে এবং ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েছে কৃষিজমি ও বসতবাড়ি।
জানা গেছে, গতকাল রাতভর অবিরাম ভারী বৃষ্টিপাতের পর ভারতীয় নদী মেনংচরি থেকে পানি প্রবাহিত হয়ে বাংলাদেশের বোরাঘাট নদীর পানি হঠাৎ বেড়ে যায়। একপর্যায়ে নদীর বাঁধ উপচে ও ভাঙা বেড়িবাঁধ দিয়ে পানি লোকালয়ে ঢুকে পড়ে। এতে গাজীরভিটা, ভুবনকুড়া, কালিয়ানি কান্দা, বোয়ালমারা এবং পৌরশহরের নিম্নাঞ্চলসহ আশপাশের বেশ কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে।
বিশেষ করে গাজীরভিটা ইউনিয়নের অন্তত ছয়টি গ্রাম পানির নিচে তলিয়ে গেছে। বোরাঘাট নদীর বাঁধ ভেঙে ঢল গ্রামে প্রবেশ করায় বোরো ধানক্ষেত, বাদাম, ভুট্টা ও বিভিন্ন রবি শস্য তলিয়ে গেছে। কৃষকরা আশঙ্কা করছেন, পানি দ্রুত না নামলে তাদের চলতি মৌসুমের ফসলের ব্যাপক ক্ষতি হবে।
স্থানীয় বাসিন্দারা জানান, রাত বাড়ার সঙ্গে সঙ্গে নদীর পানি দ্রুত বৃদ্ধি পেতে থাকে। পরে হঠাৎ করেই পানি লোকালয়ে ঢুকে পড়ায় অনেকে প্রয়োজনীয় মালামাল উঁচু স্থানে সরিয়ে নিতে বাধ্য হন। অনেক পরিবারের ঘরে পানি ঢুকে পড়ায় স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। কেউ কেউ নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার প্রস্তুতিও নিচ্ছেন।
ক্ষতিগ্রস্ত এলাকার বাসিন্দারা জানান, কালিয়ানি কান্দা ও বোয়ালমারা এলাকায় পানির চাপ সবচেয়ে বেশি। নিম্নাঞ্চলের রাস্তাঘাট ডুবে যাওয়ায় যোগাযোগ ব্যবস্থাও ব্যাহত হচ্ছে। অনেক এলাকায় জলাবদ্ধতার কারণে মানুষ চরম দুর্ভোগে পড়েছেন।
এ ব্যাপারে হালুয়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল আহমেদের সরকারি করপোরেট নম্বরে বারবার যোগাযোগ করা হলেও কল রিসিভ করেননি।
এমএইচ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

