নারায়ণগঞ্জের ফতুল্লায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ঝুটের ৩০টি গোডাউন পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ২ কোটি টাকার ঝুট ও থান কাপড় পুড়ে গেছে বলে দাবি গোডাউন মালিকদের।
রোববার দিবাগত রাত ২টায় নারায়ণগঞ্জ কারাগারের পেছনে বিলাশনগর এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে ধারণা করছেন নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপপরিচালক আব্দুল্লাহ আল আরেফিন।
গোডাউনের মালিক রহিম জানান, রাতে হঠাৎ কোনো একটি গোডাউন থেকে আগুনের সূত্রপাত্র হয়ে মুহূর্তের মধ্যেই চারদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। অধিকাংশ গোডাউনে ২০ লাখ টাকার বেশি ঝুটের কাপড় ছিল। ৩০টি গোডাউনে প্রায় ২ কোটি টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।
আনোয়ার হোসেন নামের এক গোডাউন মালিক জানান, ঋণ নিয়ে একটি গোডাউন ভাড়া নিয়েছে। এই গোডাউনে প্রায় ১০ লাখ টাকার মতো থান কাপড় ছিল। এছাড়া গোডাউনের ক্যাশ বাক্সে ৪০-৫০ হাজার টাকা ও তিন বছরের হিসাবের খাতা ও মাল কেনার চালান ছিল। মুহূর্তের মধ্যে সব পুড়ে ছাই হয়ে গেছে।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপপরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানান, খবর পেয়ে মণ্ডলপাড়া, হাজীগঞ্জ ও শিবু মার্কেট ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে এসে দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এনেছে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তবে ক্ষতির পরিমাণ এখনো নিরূপণ করা যায়নি। তদন্তের পর বিস্তারিত বলা যাবে।
এমএইচ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

