সরকার জুলাই সনদ নিয়ে প্রতারণা করছে: নাহিদ ইসলাম

সরকার জুলাই সনদ নিয়ে প্রতারণা করছে: নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘জুলাই পদযাত্রা ২০২৬’ কর্মসূচির অংশ হিসেবে নেত্রকোনার মোহনগঞ্জে অনুষ্ঠিত সমাবেশে বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, এমপি বলেছেন, সরকার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রতারণা করছে।

বিজ্ঞাপন

শুক্রবার নেত্রকোনার মোহনগঞ্জ রেলওয়ে স্টেশন প্রাঙ্গণে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

জুলাই গণ–অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ৩৬ দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে গত ৬ জুলাই থেকে ‘গণভোট বাস্তবায়ন, কর্মসংস্থান ও সীমান্ত সুরক্ষার দাবিতে জুলাই পদযাত্রা ২০২৬’ পালন করছে এনসিপি। এরই অংশ হিসেবে ২৪ জুলাই নেত্রকোনার মোহনগঞ্জে পদযাত্রা ও সমাবেশের আয়োজন করা হয়।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে নাহিদ ইসলাম বলেন, “সরকার এখন সংস্কার চায় না বলেই জুলাই সনদ বাস্তবায়ন করতে চাইছে না। এটি বাস্তবায়ন না করলে আমরা এই সরকারকে জুলাই বিপ্লবের সঙ্গে সংশ্লিষ্ট তরুণ প্রজন্ম কোনো ধরনের সহযোগিতা করব না। আমরা চাই না এই সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে। যৌক্তিক বিষয়ে বিরোধিতা করব আর ভালো কাজে সহযোগিতা করব। কিন্তু জুলাই সনদ বাস্তবায়নে কোনো পদক্ষেপ নিচ্ছে না।”

তিনি আরও বলেন, “দেশের ৭০ শতাংশ মানুষ জুলাই সনদের পক্ষে রায় দিয়েছে। এ রায় অনুযায়ী সব স্তরে সংস্কার হবে। কিন্তু প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী তা হতে দিচ্ছেন না। জুলাই সনদ বাস্তবায়ন না হলে জুলাই বিপ্লবে ১৪০০ মানুষের জীবনদান, ৩০ হাজার মানুষের পঙ্গুত্ববরণ এমনকি বিএনপিরও অনেকের ত্যাগ বৃথা যাবে। আমরা তা হতে দেব না।”

নেত্রকোনার হাওরবাসীদের উদ্দেশ্যে নাহিদ ইসলাম বলেন, “হাওরে মাছের পোনা ছেড়ে জেলেদের মাছ ধরা নিষেধ করেছে সরকার। অথচ তাদের জীবিকা নির্বাহের কোনো উপায় বের করা হয়নি। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই। আবার জেলে কার্ড নামে জেলেদের সঙ্গে প্রহসন করা হচ্ছে। তাদের দলীয় ব্যক্তিদের কার্ড দেওয়া হচ্ছে, সাধারণ মানুষ বঞ্চিত হচ্ছে। এ অঞ্চলে পরিকল্পনা অনুযায়ী মৎস্য সম্পদ ও পর্যটন কেন্দ্র গড়ে তুলতে পারলে এলাকার মানুষের পাশাপাশি পুরো দেশের ওপর এর ইতিবাচক প্রভাব পড়বে।”

বিএনপিকে উদ্দেশ্য করে তিনি বলেন, “কার্ডের খেলা না খেলে এ দেশের মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করুন। তা না হলে এ দেশের মানুষের অর্থনৈতিক অবস্থার কোনো উন্নতি হবে না।”

নেত্রকোনা-৪ আসনের এমপি ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুতফুজ্জামান বাবর প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, “উনি জুলাই আন্দোলনের ফলেই মৃত্যুদণ্ড থেকে মুক্তি পেয়ে আপনাদের মাঝে ফিরে এসেছেন। উনি যদি তার কৃতজ্ঞতা প্রকাশ করতে চান, তাহলে আমি দৃঢ় বিশ্বাস করি, উনি জুলাই সনদ বাস্তবায়নের জন্য জাতীয় সংসদে উচ্চস্বরে কথা বলবেন।”

সমাবেশে আরও বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কমিটির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম এবং স্থানীয় নেতাকর্মীরা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন