সৌদি আরবে নিখোঁজের ২১ দিনেও সন্ধান মেলেনি বাংলাদেশি যুবকের

উপজেলা প্রতিনিধি, মাদারগঞ্জ (জামালপুর)

সৌদি আরবে নিখোঁজের ২১ দিনেও সন্ধান মেলেনি বাংলাদেশি যুবকের

জামালপুরের মাদারগঞ্জের সৌদিপ্রবাসী রুবেল মন্ডল (২১) নিখোঁজের ২১ দিন পার হলেও সন্ধান পাওয়া যায়নি। চরম উৎকণ্ঠায় দিন কাটছে পরিবারের ।

বিজ্ঞাপন

নিখোঁজ রুবেল মন্ডলের বাড়ি উপজেলার জোড়খালী ইউনিয়নের দীঘলকান্দি এলাকায়। তিনি ওই এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে।

পরিবার সূত্রে জানা গেছে, চলতি বছরের ২৭ জানুয়ারি স্থানীয় এক দালালের মাধ্যমে সৌদি আরবে যান রুবেল। সেখানে মক্কা শহরের একটি বেসরকারি ক্লিনিকে কাজ করতেন তিনি। নিয়মিত পরিবারের সঙ্গে যোগাযোগ ছিল।

পরিবারের দাবি, গত ১৬ এপ্রিল বিকেল ৪টার দিকে মায়ের সঙ্গে সর্বশেষ কথা হয় তার। এরপর থেকেই আর কোনো যোগাযোগ করা সম্ভব হয়নি। তার ব্যবহৃত ইমো, ফেসবুক, মেসেঞ্জার বন্ধ পাওয়া যাচ্ছে।

নিখোঁজের পর থেকেই উৎকণ্ঠায় দিন কাটছে পরিবারটির।

রুবেলের মা মনোয়ারা বেগম বলেন, রুবেল আমার ছোট ছেলে। অনেক শখ করে তাকে বিদেশে পাঠাইছিলাম। কোথায় আছে, কেমন আছে, কিছুই জানি না। আমার বুক ফেটে যাচ্ছে। সরকারের কাছে আমার ছেলেকে খুঁজে দেওয়ার আবেদন জানাই।

মাদারগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমন চৌধুরী বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিষয়টি জেনেছি। সৌদি আরবে মাদারগঞ্জের এক রেমিট্যান্সযোদ্ধা রুবেল মন্ডল ২১ দিন ধরে নিখোঁজ রয়েছেন। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে, যাতে পরিবারটিকে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া যায়।

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন