হাঁসের ডিমের হাট: সপ্তাহে ২ কোটি টাকার বাণিজ্য

 হাঁসের ডিমের হাট: সপ্তাহে ২ কোটি টাকার বাণিজ্য
সংগ্রহ করা ডিমের ক্যারেট। ছবি: আমার দেশ

ভোরের কুয়াশা কাটতে না কাটতেই হাওরের বাতাসে ভেসে আসে ডিমের হাটের কোলাহল। ক্যারেটে সাজানো সাদা সাদা ডিম, খামারিদের মুখে হাসি আর পাইকারদের ব্যস্ত আনাগোনা — এ যেন হাওরপারের এক জীবন্ত উৎসব।

সপ্তাহের একেক দিন হাওরের একেক প্রান্তে জমে ওঠে ডিমের হাট। বুধবার মোহনগঞ্জ, মঙ্গলবার আদর্শনগর, বৃহস্পতিবার ধর্মপাশা আর শনিবার গাগলাজুর—এই হাটগুলো ঘিরেই আবর্তিত হয় হাওরের ডিমের অর্থনীতি।

বিজ্ঞাপন

এর মধ্যে সবচেয়ে বড় ও জমজমাট হাট বসে বুধবার, মোহনগঞ্জ বাজারে। ভোর থেকে মদন, খালিয়াজুড়ী, মোহনগঞ্জ আর পাশের সুনামগঞ্জ থেকে সপ্তাহজুড়ে জমানো ডিম নিয়ে আসেন খামারি ও ব্যবসায়ীরা। এক দিনেই সেখানে বেচাকেনা হয় প্রায় ১১০০ বান্ডিল ডিম। প্রতি বান্ডিলে থাকে ৩৬০টি করে ।

ডিম হাতে অপেক্ষমাণ ব্যবসায়ী।  ছবি: আমার দেশ
ডিম হাতে অপেক্ষমাণ ব্যবসায়ী। ছবি: আমার দেশ

দুপুর গড়াতে না গড়াতেই ক্যারেটভর্তি ডিম ট্রাকে করে রওনা হয় ঢাকার তেজগাঁও, খিলগাঁও ও খিলক্ষেতের পাইকারি বাজারের দিকে। বিক্রেতা আনোয়ার হোসেনের মতে, গোছানো এই বাজারের কারণেই খামারিরা এখন ন্যায্য দাম পান।

মোহনগঞ্জের পরেই জমজমাট মঙ্গলবারের আদর্শনগর হাট। সেখানে একদিনে বেচাকেনা হয় প্রায় ১ হাজার বান্ডিল ডিম। স্থানীয় ব্যবসায়ীদের হিসাবে, এক হাটেই লেনদেন ছাড়িয়ে যায় অর্ধকোটি টাকা।

মোহনগঞ্জ বাজারের পাইকারি ব্যবসায়ী ধন মিয়া জানান, বৃহস্পতিবার ধর্মপাশা বাজারে ১ হাজারের বেশি বান্ডিল আর শনিবার গাগলাজুর বাজারে ১ হাজারের বেশি বান্ডিল ডিম কেনাবেচা হয়। সব মিলিয়ে সপ্তাহে এই হাটগুলোতে ডিমের বাজারমূল্য ২ কোটি টাকার উপরে।

ধন মিয়া নিজেই এই চার বাজার থেকেই ডিম ক্রয় করে ঢাকায় পাঠান। তার মতো পাইকারি ব্যবসায়ীদের হাত ধরেই হাওরের ডিম পৌঁছে যায় তেজগাঁও ও খিলগাঁও বাজারে।

জেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের তথ্যে, নেত্রকোণায় রয়েছে ১ হাজার ৭৬টি বাণিজ্যিক হাঁসের খামার, আর প্রায় ৪৯ হাজার ৭৮৮টি পরিবার বা ক্ষুদ্র খামারি হাঁস পালনের সঙ্গে যুক্ত। বছরে প্রায় ৪১ কোটি ৭০ লাখ ডিম উৎপাদিত হয়, যার আনুমানিক বাজারমূল্য ৫৬২ কোটি ৯৫ লাখ টাকা।

তবে এই হাসির আড়ালে ঝুঁকিও আছে। পাইকার জামাল হোসেন বলেন, দূরের হাওর থেকে ডিম সংগ্রহ, শ্রমিকের মজুরি আর দীর্ঘ পথে ডিম ভাঙার ঝুঁকি সামলাতে হয়। পরিবহন ব্যয় বাড়লে বা দাম ওঠানামা করলে লাভ কমে যায়, তবু সারা বছর চাহিদা থাকায় ব্যবসা চলছে আপন গতিতে।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. উৎপল কুমার সরকার বলেন, ‘মোহনগঞ্জ উপজেলায় প্রায় এক কোটি হাঁসের ডিম উৎপাদন হয়। আঞ্চলিক চাহিদা মিটিয়ে বাকি ডিম চারটি বাজারে খামারিরা ব্যবসায়ীদের কাছে বিক্রি করেন, পরে তা দেশের বিভিন্ন জায়গায় পাঠানো হয়। সরকারের পক্ষ থেকে খামারিদের জন্য বিশেষ বরাদ্দ দিলে তাদের প্রশিক্ষণ ও আর্থিক সহায়তা দিতে পারলে মোহনগঞ্জে ডিমের উৎপাদন দ্বিগুণ হতো, যা দেশের অর্থনৈতিক উন্নতির পাশাপাশি নতুন কর্মসংস্থান সৃষ্টি করতো।’

জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ শহীদুল ইসলাম বলেন, ‘হাওরের জলাশয় হাঁসের জন্য প্রাকৃতিক খাদ্য ও অনুকূল পরিবেশ দেয়। খাদ্যের খরচ কমানো, দ্রুত পরিবহন ও কোল্ড চেইন গড়ে তোলা গেলে এই খাত আরও অনেক দূর এগিয়ে যাবে।’

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...