জারিয়া-ঝাঞ্জাইল রেলওয়ে স্টেশন থেকে দুর্গাপুর পর্যন্ত রেললাইন সম্প্রসারণের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে বলে জানিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোণা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল। এ সময় তার সঙ্গে ছিলেন রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
গতকাল বুধবার দুপুরে পূর্বধলার জারিয়া-ঝাঞ্জাইল রেলওয়ে স্টেশন পরিদর্শন ও মতবিনিময়কালে তিনি বলেন, জনগণের ভোগান্তি কমাতে এবং যোগাযোগব্যবস্থার উন্নয়নে সরকার আন্তরিকভাবে কাজ করছে। ডেপুটি স্পিকার বলেন, মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ জারিয়া-ঝাঞ্জাইল দুর্গাপুর রেল যোগাযোগ সম্প্রসারণ হলে এ অঞ্চলের ব্যবসা-বাণিজ্য, পর্যটন ও অর্থনৈতিক কর্মকাণ্ডে নতুন সম্ভাবনার সৃষ্টি হবে।
রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ বলেন, সম্ভাব্যতা যাচাই ও প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে এ বিষয়ে কার্যকর উদ্যোগ নেওয়া হবে।

এর আগে সকালে তারা সড়কপথে পূর্বধলায় পৌঁছে জারিয়া-ঝাঞ্জাইল রেলওয়ে স্টেশনের বিভিন্ন অবকাঠামো ও চলমান কার্যক্রম পরিদর্শন করেন। পরে দুর্গাপুর পর্যন্ত রেললাইন সম্প্রসারণের সম্ভাবনা, যাত্রীসেবা উন্নয়ন এবং যোগাযোগব্যবস্থার আধুনিকায়ন নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তা ও স্থানীয় সুধীজনের সঙ্গে মতবিনিময় করেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেন, পূর্বধলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) তাসনীন জাহানসহ প্রশাসন ও রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
পরিদর্শন শেষে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল ও রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ সড়কপথে দুর্গাপুরে যান। পরে জেলা পরিষদ অডিটোরিয়ামে রেললাইন সম্প্রসারণ বিষয়ে সুধীজনের সঙ্গে মতবিনিময় করেন। মতবিনিময় সভায় নেত্রকোনা জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব। বক্তব্য দেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব ফাহিমুল ইসলাম, রেলওয়ের মহাপরিচালক আফজাল হোসেন, দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ সাদাত, নেত্রকোণা-৫ (পূর্বধলা) আসনের সংসদ সদস্য মাছুম মোস্তফা, দুর্গাপুর উপজেলা বিএনপির সভাপতি জহিরুল আলম ভুঁইয়া প্রমুখ।
এমবি
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

