সড়কে নেচে-গেয়ে আর্জেন্টিনা সমর্থকদের উল্লাস, যান চলাচলে বিঘ্ন

উপজেলা প্রতিনিধি, মাদারগঞ্জ (জামালপুর)

সড়কে নেচে-গেয়ে আর্জেন্টিনা সমর্থকদের উল্লাস, যান চলাচলে বিঘ্ন

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় সড়কের মাঝখানে নেচে-গেয়ে ভিডিও ধারণে মেতে ওঠেন আর্জেন্টিনা সমর্থকরা। এ সময় যান চলাচলে বিঘ্ন ঘটায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ দেখা দেয়।

বিজ্ঞাপন

রোববার দুপুর আড়াইটার দিকে উপজেলার হাওয়াই রোড এলাকায় এ ঘটনা ঘটে। পরে সন্ধ্যায় ঘটনাটির কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়।

ভিডিওতে দেখা যায়, আর্জেন্টিনার জার্সি পরা কয়েকজন তরুণ-তরুণী সড়কের মাঝখানে দাঁড়িয়ে গান বাজিয়ে বিভিন্ন ভঙ্গিতে ভিডিও ধারণ করছেন। এ সময় ওই সড়কে যানবাহন চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়।

আর্জেন্টিনা সমর্থক গোষ্ঠীর আহবায়ক রাহিদা লগ্না, নৃত্যশিল্পী রাজু আহমেদ, হোসেন আলী, নাতাশাসহ কয়েকজনকে এ ভিডিওতে দেখা যায়।

এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ এটিকে ফুটবল উন্মাদনার বহিঃপ্রকাশ বলছেন, আবার কেউ জনদুর্ভোগ সৃষ্টি করায় সমালোচনা করছেন।

স্থানীয় সচেতন নাগরিক রাফিউল ইসলাম বলেন, খেলাধুলা নিয়ে আনন্দ-উচ্ছ্বাস স্বাভাবিক। তবে জনসাধারণের চলাচলে বিঘ্ন ঘটে—এমন কর্মকাণ্ড এড়িয়ে চলা উচিত।

স্থানীয় বাসিন্দা সিরাজুল ইসলাম বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও তৈরির প্রবণতা এখন অনেক বেড়েছে। তবে ব্যস্ত সড়কের মাঝখানে দাঁড়িয়ে ভিডিও ধারণ করা মোটেও ঠিক নয়।

এ বিষয়ে আর্জেন্টিনা সমর্থক গোষ্টীর আহবায়ক ও সাংস্কৃতিককর্মী রাহিদা লগ্না বলেন, আর্জেন্টিনাকে নিয়ে একটি মৌলিক গানের মিউজিক ভিডিও নির্মাণ করা হচ্ছে। এটি পরিকল্পিতভাবে তৈরি করা একটি মিউজিক ভিডিও। দুপুরের দিকে মানুষের চলাচল তুলনামূলক কম থাকায় এবং স্থানটির সৌন্দর্য তুলে ধরতেই সেখানে ভিডিও ধারণ করা হয়েছে। কাউকে ভোগান্তিতে ফেলার উদ্দেশ্য ছিল না বলেও দাবি করেন তিনি।

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...