মাত্র ৫ টাকায় লাউ বিক্রি, লোকসানে চাষি

মোফাজ্জল হোসেন, দুর্গাপুর (রাজশাহী)

মাত্র ৫ টাকায় লাউ বিক্রি, লোকসানে চাষি

ঈদুল আজহার পর রাজশাহীর দুর্গাপুর উপজেলায় লাউয়ের দামে ধস নামছে। পাকা-কাঁচা সড়কের মোড়ে মোড়ে লাউ বিক্রি হচ্ছে মাত্র পাঁচ টাকা পিস দরে। এ লাউ আবার দেশের বিভিন্ন স্থানে হাত বদলেই দাম বেড়ে হয়ে যাচ্ছে দশ গুণ বেশি। এতে ব্যবসায়ীরা লাভবান হলেও লোকসানে পড়ছেন সাধারণ লাউচাষিরা।

‎‎লাউচাষিরা জানান, ঈদের আগে প্রতি পিস লাউ বিক্রি করেছেন ৩৫ থেকে ৪০ টাকা দরে। ঈদের দুই-তিন দিনের ব্যবধানে এ লাউ এখন বিক্রি হচ্ছে মাত্র পাঁচ টাকা পিস দরে। এমন দরে লাউ বিক্রি করলেও উৎপাদন খরচই উঠবে না বলে জানিয়েছেন একাধিক লাউচাষি।

বিজ্ঞাপন

‎‎‎‎‎সরেজমিন দুর্গাপুর উপজেলার কয়েকটি গ্রাম ঘুরে দেখা গেছে, ফসলের মাঠে মাচায় মাচায় শুধু লাউয়ের সমারোহ। রাস্তার মোড়ে ও জমিতে তা বিক্রি হচ্ছে। ঈদের আগে প্রতি পিস লাউ ৩২ থেকে ৩৫ টাকায় বিক্রি হলেও, এখন বিক্রি হচ্ছে মাত্র পাঁচ টাকা পিস দরে। পাইকারি ব্যবসায়ীরা বিভিন্ন মোড় ও জমি থেকে সরাসরি কৃষকের কাছ থেকে লাউ কিনছেন। দুপুর নাগাদ কেনা লাউ ট্রাকে তুলে ফেলছেন।

এসব লাউ ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, খুলনা, বরিশাল, সিলেট, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হচ্ছে।

‎এদিকে প্রত্যন্ত গ্রামের চাষিদের থেকে সরাসরি ব্যবসায়ীরা কম দামে লাউ কিনলেও, খোঁজ নিয়ে জানা গেছে, ঈদের অজুহাতে চাষিদের কাছ থেকে কম দামে লাউ কিনছেন ব্যবসায়ীরা। পরে এসব লাউ বিভিন্ন জেলায় সরবরাহ করে প্রায় ১০ গুণের অধিক লাভ করছেন তারা। ফলে ব্যবসায়ীরা অধিক লাভবান হলেও লোকসানে রয়েছেন চাষিরা।

‎‎‎উপজেলার নওপাড়া গ্রামের কামরুল হাসান থাকেন ঢাকার মহাখালীতে। তিনি মুঠোফোনে জানান, এবারের ঈদ আমি ঢাকায় করছি। বাড়ি থেকে লোক মারফত কিছু আম ও লাউ পাঠিয়েছে। শুনেছি নিজ এলাকায় লাউয়ের দাম পাঁচ টাকা পিস। আর ঢাকা এসে এই লাউ হয়ে যাচ্ছে ৭০ থেকে ৭৫ টাকা পিস। ফলে গ্রামের কৃষকরা সবজির ন্যায্যমূল্য পায় না।

রোববার সকালে উপজেলার সদর মোড়ে লাউ কিনছিলেন ব্যবসায়ী আব্দুল আলীম। তিনি জানালেন, এখন ঈদের মৌসুম। পরিবহন সংকট। আবার চাষির ক্ষেতে লাউ পচে যাচ্ছে। ফলে লাউয়ের দাম কমছে। এ বিষয়ে ব্যবসায়ী জানান, চালক-হেলপার ছুটিতে আছেন। এ কারণে পরিবহন সংকটে সরবরাহ খরচ বাড়ছে। ‎লাউচাষি আনোয়ারুল ইসলাম বলেন, তার জমি থেকে সবেমাত্র লাউ বিক্রি শুরু হয়েছে।

১৫ কাঠা জমির মাচায় লাউ গাছে প্রচুর চালান এসেছে। প্রথম দিনেই ৪০ পিস বিক্রি করেছি ৩২ টাকা পিস দরে। ঈদের পর দাম পড়ে গেছে। এরকম দাম থাকলে লাউয়ে ব্যাপক লোকসান হবে।

‎ রাজশাহী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও দুর্গাপুর কৃষি অফিস সূত্রে জানা যায়, অতীতের সব রেকর্ড ভেঙে এবার ৬৬৬ হেক্টর জমিতে লাউ চাষ হয়েছে। যা গতবার ছিল ৫২১ হেক্টর জমিতে। জেলার সবচেয়ে বেশি লাউচাষ হয়Ñদুর্গাপুর ও পুঠিয়া উপজেলায়।‎

‎রাজশাহী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক নাসির উদ্দিন বলেন, অনেক সময় গ্রাম ও শহরে সবজির দামে বিশাল ফারাক হয়, সিন্ডিকেটের কারণে। এ বিষয়ে আমরা সরকারের কাছে রিপোর্ট করি। এ অঞ্চলের কৃষকরা আলু, পেঁয়াজ ওঠানোর পর প্রায় জমিতে মাচায় লাউ চাষ করে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন