শিবগঞ্জ উপজেলা থেকে আলাদা হয়ে সদ্য গঠিত মোকামতলা উপজেলার দেউলী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাহাঙ্গীর আলম এখন দেউলী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব।
২০২৩ সালে অনুমোদিত দেউলী ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক কমিটিতেও তার নাম ছিল বলে অভিযোগ উঠেছে। এ নিয়ে সামাজিক মাধ্যমে সমালোচনা শুরু হয়েছে। গত মঙ্গলবার মোকামতলা উপজেলার বিভিন্ন ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। ওই কমিটিতে জাহাঙ্গীর আলমকে দেউলী ইউনিয়ন বিএনপির সদস্য সচিব করা হয়।
স্থানীয় বিএনপির কয়েকজন নেতাকর্মীর অভিযোগ, ২০২৩ সালে অনুমোদিত দেউলী ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক কমিটিতে জাহাঙ্গীর আলমের নাম ছিল। ওই কমিটির একটি তালিকাও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
তবে জাহাঙ্গীর আলম দাবি করেছেন, তিনি কখনো যুবলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন না। তিনি বলেন, ২০২০ সালে তিনি বিদেশে চলে যান। দেশে ফিরে ২০২৩ সালে ইউনিয়ন পরিষদের সদস্য নির্বাচিত হন।
সে সময় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত থাকায় এলাকার স্বার্থে তার সঙ্গে চলাফেরা করতে হয়েছে। যুবলীগের কমিটিতে তার নাম থাকার যে কাগজ সামাজিক মাধ্যমে ছড়িয়েছে সেটি সম্পাদনা করা বলেও দাবি করেন তিনি।
তবে জাহাঙ্গীর আলমের বক্তব্যের সঙ্গে একমত নন তার কয়েকজন সহকর্মী। দেউলী ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের সদস্য ওবায়দুল ইসলাম বলেন, ‘জাহাঙ্গীর আলম অনেক আগে থেকেই যুবলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। যুবলীগের কমিটিতেও তার নাম রয়েছে।’
ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য কাজী মেহেদুল ইসলাম বলেন, ‘জাহাঙ্গীর আলম আওয়ামী লীগের সঙ্গে ছিলেন, এটি স্থানীয়ভাবে সবাই জানেন।’ গত ২ আগস্ট মোকামতলা উপজেলা বিএনপির ৩২ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। ওই কমিটিতে মাহমুদ হাসান তৌফিককে আহ্বায়ক, মাহবুব আলম মানিককে সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং রোকনুদ্দৌলা রুবেলকে সদস্যসচিব করা হয়। জাহাঙ্গীর আলমকে ওই কমিটির ২৬ নম্বর সদস্য রাখা হয়েছিল।
মোকামতলা উপজেলার কয়েকজন বিএনপি নেতাকর্মী নাম প্রকাশ না করার শর্তে বলেন, দীর্ঘদিন বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত থাকার কারণে যারা নানা প্রতিকূলতার মুখোমুখি হয়েছেন, তাদের বাদ দিয়ে আওয়ামী লীগ-ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ব্যক্তিদের দলে গুরুত্বপূর্ণ পদ দেওয়ার ঘটনায় তৃণমূলে হতাশা তৈরি হচ্ছে।
মোকামতলা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহবুবুল আলম মানিক বলেন, ‘জাহাঙ্গীরকে আমি আগে চিনতাম না। বিএনপির এক ইফতার মাহফিলে তার সঙ্গে পরিচয়। তিনি যুবলীগ করেছেন কি না তা আমার জানা নাই। তবে গত সংসদ নির্বাচনে জাহাঙ্গীর ধানের শীষের পক্ষে ভোট করেছেন।
এমএইচ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

-32f2ee-720x405.webp)