রাজশাহীতে শতাধিক রাজনৈতিক নেতৃবৃন্দের এনসিপিতে যোগদান

রাজশাহী অফিস

রাজশাহীতে শতাধিক রাজনৈতিক নেতৃবৃন্দের এনসিপিতে যোগদান

রাজশাহীতে শতাধিক নাগরিক ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-তে যোগদান করেছেন। শনিবার রাজশাহী জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে তারা আনুষ্ঠানিকভাবে দলে যোগ দেন।

অনুষ্ঠানে বিএনপি, গণঅধিকার পরিষদ, ছাত্রদল, ছাত্রশিবির ও ছাত্র অধিকার পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ শতাধিক নাগরিক এনসিপির পতাকাতলে আসেন। নতুনদের ফুল দিয়ে বরণ করে নেন দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।

বিজ্ঞাপন

যোগদান অনুষ্ঠানে মহানগর এনসিপির সদস্য সচিব আতিকুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলটির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ইমরান ইমন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় যুগ্ম-সদস্য সচিব গাজী সালাহউদ্দিন তানভীর, যুগ্ম-সদস্য সচিব এস এম সাইফ মোস্তাফিজ, নারী শক্তির আহ্বায়ক ও কেন্দ্রীয় যুগ্ম-আহ্বায়ক মনিরা শারমিন এবং কেন্দ্রীয় মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) সারজিস আলম।

বক্তারা বলেন, দেশে নতুন রাজনৈতিক ধারার প্রয়োজনীয়তা থেকেই তরুণ ও সচেতন নাগরিকরা এনসিপির প্রতি আগ্রহ দেখাচ্ছেন। তারা দাবি করেন, জনগণের অধিকার, সুশাসন ও জবাবদিহিতামূলক রাজনীতি প্রতিষ্ঠার লক্ষ্যে এনসিপি কাজ করে যাচ্ছে।

নবযোগদানকারীদের উদ্দেশে নেতারা বলেন, দেশের রাজনৈতিক সংস্কৃতিতে ইতিবাচক পরিবর্তন আনতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তরুণদের অংশগ্রহণই ভবিষ্যতের নেতৃত্ব গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও উল্লেখ করেন তারা।

অনুষ্ঠান শেষে নতুন সদস্যদের নিয়ে সংক্ষিপ্ত পরিচিতি পর্ব ও সাংগঠনিক আলোচনা অনুষ্ঠিত হয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন