চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ডিলারের কাছে চাহিদা অনুযায়ী সার না পেয়ে উপজেলা পরিষদ চত্বরে বিক্ষোভ করেছেন রহনপুর ইউনিয়নের কৃষকেরা। বুধবার সকালে ইউনিয়নের বিভিন্ন এলাকার কৃষকেরা উপজেলা পরিষদে এসে বিক্ষোভ করেন। পরে তারা উপজেলা নির্বাহী কর্মকর্তা জিল্লুর রহমানের কাছে সার সংকটের বিষয়টি তুলে ধরে দ্রুত সমাধানের দাবি জানান।
বিক্ষোভকারী কৃষকেরা জানান, আমন মৌসুমে জমিতে সার প্রয়োগের গুরুত্বপূর্ণ সময়ে ডিলারের কাছে প্রয়োজনীয় সার পাওয়া যাচ্ছে না। সার কিনতে গিয়ে অনেক কৃষককে খালি হাতে ফিরে যেতে হচ্ছে। এতে সময়মতো জমিতে সার প্রয়োগ করতে না পারায় ফসলের ফলন নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন তারা। নির্ধারিত মূল্যে পর্যাপ্ত সার সরবরাহ নিশ্চিত করার দাবি জানান কৃষকেরা।
কৃষক পলাশ বলেন, ‘সময়মতো সার না পেলে আমাদের সবচেয়ে বেশি ক্ষতি হয়। আমন মৌসুমে এখন জমিতে সারের প্রয়োজন। সার না পেলে ফসলের ফলন কমে যেতে পারে। প্রশাসনের কাছে দ্রুত পর্যাপ্ত সার নিশ্চিত করার দাবি জানাই।’
রহনপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আজিবুর রহমান বলেন, চাহিদার সময়ে কৃষকেরা সার না পেলে এর প্রভাব কৃষিব্যবস্থায় পড়বে। তাই দ্রুত পর্যাপ্ত সার সরবরাহ ও নির্ধারিত মূল্যে বিক্রি নিশ্চিত করতে হবে।
উপজেলা কৃষি কর্মকর্তা সাকলাইন হোসেন বলেন, আমন মৌসুমে সারের চাহিদা বেড়েছে। কৃষকদের প্রয়োজন অনুযায়ী সার সরবরাহ নিশ্চিত করতে বিষয়টি নিয়মিত তদারকি করা হচ্ছে। কোথাও সমস্যা হলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিল্লুর রহমান বলেন, ‘কৃষকদের অভিযোগ আমরা গুরুত্বের সঙ্গে শুনেছি। ডিলারদের মাধ্যমে যাতে কৃষকেরা চাহিদা অনুযায়ী নির্ধারিত মূল্যে সার পান, তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। কেউ যদি নির্ধারিত মূল্যের বাইরে সার বিক্রি করেন, মজুত করে কৃত্রিম সংকট তৈরি করেন বা কৃষকদের হয়রানি করেন, তাহলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। কৃষকের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সার সরবরাহ পরিস্থিতি নিয়মিত তদারকি করা হচ্ছে।
এ সময় সহকারী কমিশনার (ভূমি) উম্মে সালমা রুমা, রহনপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের সদস্যসহ স্থানীয় কৃষকেরা উপস্থিত ছিলেন।
এমএইচ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

-f2fea2.jpg)