বগুড়ার ধুনটে সর্বাত্মক হরতালের সমর্থনে মুখোশ পরে মশাল মিছিল করেছেন আওয়ামী লীগ নেতাকর্মীরা। সোমবার রাতে শহরের জিরোপয়েন্ট এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।
ধুনট মডেল মসজিদের সামনে থেকে মিছিলটি বের করেন তারা। পরে জিরোপয়েন্ট ঘুরে গোসাইবাড়ি সড়কের চারতলা এলাকায় গিয়ে শেষ হয়। এ সময় বিএনপি নেতাকর্মীদের ধাওয়ায় ছত্রভঙ্গ হয়ে যান নেতাকর্মীরা।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন আওয়ামী লীগ নেতা বলেন, হরতালের সমর্থনে আমরা মশাল মিছিল করি। পরে পৌর আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক জিঞ্জিরতলা গ্রামের আল-আমিন তরফদার, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সদরপাড়ায় বনি আমিন মিন্টু ও ছাত্রলীগ নেতা সদরপাড়ায় রাব্বির বাড়িঘরে হামলা চালান বিএনপি নেতারা।
উপজেলা বিএনপির সভাপতি একেএম তৌহিদুল আলম মামুন বলেন, নাশকতা সৃষ্টি করতে মশাল মিছিল করার চেষ্টা করেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ সময় তাদের প্রতিহত করেছে জনতা। তবে কারো বাড়িঘরে হামলার চালানো হয়নি।
ধুনট থানার ওসি সাইদুল আলম বলেন, আওয়ামী লীগ নেতাকর্মীদের বাড়িতে হামলার কোনো খবর আমার কাছে নেই। পরিস্থিতি শান্ত রয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

