নাটোরের লালপুরে ইটভাটায় কাজ করার সময় বজ্রপাতে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরো দুই নারী শ্রমিক আহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার সিরাজীপুর এলাকার সুপার ইটভাটায় এ দুর্ঘটনা ঘটে।
মৃত এসকেন আলী ভোলা (৬০) উপজেলার বালিতিতা গ্রামের আদু মণ্ডলের ছেলে। আহতরা হলেন- জোতদৈবকি এলাকার ফিরোজ শেখের স্ত্রী শাপলা খাতুন (৩০) এবং পলানের স্ত্রী সুফিয়া খাতুন (৫০)।
স্থানীয় সূত্রে জানা যায়, সকাল থেকেই আকাশ ছিল মেঘাচ্ছন্ন। এ অবস্থায় সিরাজীপুর এলাকার সুপার ইটভাটায় কয়েকজন শ্রমিক কাজ করছিলেন। হঠাৎ বিকট শব্দে বজ্রপাত হলে এসকেন আলী ভোলাসহ তিনজন গুরুতর আহত হন। পরে ভাটার অন্যান্য শ্রমিক ও স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আহত শাপলা খাতুন ও সুফিয়া খাতুনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এর মধ্যে শাপলা খাতুন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে লালপুর থানার ওসি শফিকুল ইসলাম জানান, আইনগত প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
জেডএম
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

