বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনে প্রতিদ্বন্দ্বিতা করা চার প্রার্থীর মধ্যে দুজনের জামানত বাজেয়াপ্ত হয়েছে। উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, সংসদ নির্বাচনের নিয়মানুযায়ী কোনো প্রার্থী মোট প্রদত্ত ভোটের এক-অষ্টমাংশ (১২ দশমিক ৫ শতাংশ) ভোট না পেলে তার জামানত বাজেয়াপ্ত হয়।
বগুড়া-৩ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৩৯ হাজার ১৮১ জন। এর মধ্যে ভোট প্রদান করেছেন ২ লাখ ৪৩ হাজার ৭৯৪ জন। বাতিল ভোটের সংখ্যা ৪ হাজার ১৯৮টি। ভোট পড়ার শতকরা হার ৭৩.১০ শতাংশ। ফলাফলে দেখা যায়, চার প্রার্থীর মধ্যে প্রয়োজনীয় ভোটসংখ্যা অর্জনে ব্যর্থ হওয়ায় দুই প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে।
জামানত হারানো প্রার্থীরা হলেন জাতীয় পার্টির প্রার্থী শাহিনুল ইসলাম, লাঙল প্রতীকে পেয়েছেন ১ হাজার ৪৭৫ ভোট। অপরজন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর প্রার্থী শাহজাহান আলী তালুকদার তিনি হাতপাখা প্রতীকে পেয়েছেন ১ হাজার ৭৭১ ভোট।
উল্লেখ্য, এবারে বগুড়া-৩ আসনে গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে সংসদ সদস্য পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষের প্রার্থী আব্দুল মহিত তালুকদার ১ লাখ ২৭ হাজার ৪০৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী বাংলাদেশ জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের নূর মোহাম্মাদ আবু তাহের পেয়েছেন ১ লাখ ১১ হাজার ২৬ ভোট।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

